২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইড শেয়ারিং সেবায় কার বাইক অটোরিকশা নিয়ে এসেছে ‘ও ভাই’

মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা ও মাইক্রোবাস ভাড়া করার সুযোগ নিয়ে এসেছে নতুন মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা ‘ও ভাই’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 11:47 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শনিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এ রাইড শেয়ারিং সেবা।

এর মাধ্যমে অফিস, স্কুল, বিমানবন্দর, রেলওয়ে স্টেশনগামী যাত্রীরা এখন গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা অথবা শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসের সেবা নিতে পারবেন।

গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর থেকে ‘ও ভাই’ অ্যাপ ডাউনলোড করা যাবে।এই অ্যাপে ‘Your location’ ও ‘Destination’ নির্ধারণের পর যাত্রীরা সম্ভাব্য ভাড়া ও গন্তব্যে পৌঁছার সম্ভাব্য সময় দেখতে পারবেন।

প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌস বলছেন, তাদের সেবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিবহন সেবা থেকে কিছুটা আলাদা।

“এটা ব্যবহার করে পরিবহন সেবা নিলে খরচ অন্যদের তুলনায় একটু কম হবে। এছাড়া এখানে প্রি-শিডিউল রাইডের ব্যবস্থা আছে। কেউ গাড়ি নিতে চাইলে আগের দিন সেট করে রাখতে পারবেন।”

তাদের ২৪ ঘণ্টা কল সেন্টারের সুবিধা আছে জানিয়ে ফেরদৌস বলেন, যারা স্মার্টফোন ব্যবহার করেন না তারা কল সেন্টারে ফোন দিয়ে গাড়ি বুক করতে পারবেন।

“যতদূর জানি এই সেবাটা অনেক রাইড শেয়ারিংয়ে নাই। সবার কাছে তো স্মার্টফোন নাই। যাদের কাছে স্মার্ট ফোন নাই তারা এটা ব্যবহার করতে পারবে। কল সেন্টারে ফোন করে অ্যাপের সাহায্য ছাড়াই গাড়ির সেবা নেওয়া যাবে। আমাদের কল সেন্টারে ফোন করবে। আপনার ফোন নম্বর দিলে আপনার নামে গাড়ি বুক করে দেবে। আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজ রাইডারকে দেখালে গন্তব্যে নিয়ে যাবে।”

‘ও ভাইয়ের‘ কল সেন্টারের নম্বর ০৯৬১০০ ৫৬৭৮৯।

কোনো কোনো প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক রাইডিং সেবায় অটোরিকশা অন্তর্ভুক্ত করলেও তাদের সেবা যাত্রীদের জন্য সুবিধাজনক হবে বলে দাবি করেন কাজী ওমর ফেরদৌস।

“আমরা এমন একটা ব্যবসা করব যেন একতরফা না হয়। কারণ আমরা শুধু চালককে সুবিধা দেব না, যাত্রীদের সুবিধাটাও দেখব।”

যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাদের এখানে যানবাহন নিবন্ধনের আগে যাচাই-বাছাই করা হয়। চালকদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হয়।

আগামী তিন-চার মাসের মধ্যে চট্টগ্রাম-সিলেটসহ দেশের ২২টি জেলায় এই সেবা সম্প্রসারণ করার পরিকল্পনার কথা জানান ফেরদৌস।