অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার
চাহিদা বাড়তে থাকায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
গ্রীষ্মকালীন ফ্লাইট সূচিতে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট যুক্ত হচ্ছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এপ্রিল থেকে রাজশাহী রুটে প্রতিদিন যাত্রী পরিবহন শুরু করবে তারা।
বিজ্ঞপ্তির তথ্য মতে, এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়টি, কক্সবাজার রুটে চারটি ও সৈয়দপুর রুটে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার ।
এসব রুট ছাড়াও বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে যশোরে তিনটি, সিলেট রুটে একটি এবং কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে তারা।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা এবং কলকাতায় (আসা-যাওয়া) ৯৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে। এছাড়া রাজশাহী রুটে একমুখী ভাড়া ২৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
