২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা-মতিঝিল রুটে নামছে এসি বাস ‘গ্রীন ঢাকা’

নিটল নিলয় গ্রুপ রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা চালু করতে যাচ্ছে, যা পরিচালিত হবে গ্রীন ঢাকা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 06:24 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

উত্তরা আব্দুল্লাপুর থেকে কুড়িল, বসুন্ধরা গেইট, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে এই বাস। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ভাড়া ঠিক হয়েছে ১০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ৬০ টাকা।

এই রুটে বর্তমানে সুপ্রভাত, ভিক্টরসহ কয়েকটি পরিবহনের বাস চলাচল করে। তবে শীতাতাপ নিয়ন্ত্রিত বাস আর নেই। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ মঙ্গলবার দুপুরে রমনা পার্কে এই বাস সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ৩০টি বাস দিয়ে এপ্রিলের প্রথম দিন থেকে এই সেবা শুরু হবে। পরের মাসে আরও দশটি বাস এই বহরে যুক্ত হবে। তখন উত্তরা থেকে বাসগুলো চলাচল করবে পোস্তগোলা পর্যন্ত।

টাটা মোটর্সের তৈরি এসব বাসের যাত্রী ধারণ ক্ষমতা ৫০ জন। উদ্বোধনের সময় বাসের গায়ে ‘ঢাকার চাকা’ লেখা থাকলেও এসব বাস ‘গ্রীন ঢাকা’ নামে চলাচল করবে বলে জানিয়েছেন গ্রীন ঢাকা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল্লাহ মামুন। 

তিনি বলেন, “অনেক চাহিদা থাকার পরও ঢাকায় আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা সীমিত। অনেকেই আছেন যারা একটু আরামে চলাফেরা করতে চান। এই সেবার মাধ্যমে তারা উপকৃত হবেন।"

ভাড়া একটু বেশি হয়ে গেল কিনা এমন প্রশ্নে মামুন বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের রক্ষণাবেক্ষণ খরচ বেশি। এছাড়া যানজটের কারণে ট্রিপ সংখ্যাও কম হয়। ভাড়া থেকে ১৫ শতাংশ করে ভ্যাট দিতে হবে। সব হিসেব করেই তারা ভাড়া নির্ধারণ করেছেন।

আব্দুল্লাহপুর মাসকট প্লাজা সংলগ্ন কাউন্ডার থেকে ছেড়ে গ্রিন ঢাকার বাস উত্তরা জসিমউদ্দিন, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা লিংক রোড এবং সবশেষ রামপুরা ব্রিজ কাউন্টার থেকে যাত্রী তুলবে।

আর মতিঝিল থেকে আব্দুল্লাহপুর যাওয়ার পথে কাউন্টার থাকবে গুলিস্তান, পল্টন মোড় ও কাকরাইল মোড়ে। কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রীদের উঠতে হবে।

গুলশানের হলি আর্টিজান হামলার পর রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের নিরাপত্তার স্বার্থে চালু হয় শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা ঢাকা চাকা। ওই সেবাও পরিচালনা করছে নিটল মোটর্স, ব্যবস্থাপনায় আছে গ্রীন ঢাকা প্রাইভট লিমিটেড।