‘বৈদ্যুতিক যানবাহনে বাঁচবে ১৬ হাজার কোটি টাকা’
দেশে সব যানবাহন বৈদ্যুতিক করতে পারলে বছরে ১৬ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট (বিড) এক্সপোর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে আগামী দশ বছরের মধ্যে সমস্ত যানবাহন যদি ইলেক্ট্রিক হয়, তাহলে আমরা প্রতিবছর দুই বিলিয়ন ডলার বা ১৬ হাজার কোটি টাকা সেভ করতে পারি।
“তেল একটি ভোলাটাইল মার্কেট। এই বাড়ে এই কমে, সেই বিতর্কে থেকে গ্রি এনার্জি চলতে পারে না।”
গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় চারদিনের এই প্রদর্শনী।
এ প্রদর্শনীতে সাতটি দেশের ৬২ প্রতিষ্ঠান বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিভিন্ন শিল্প পণ্য, বৈদ্যুতিক যন্ত্রাংশ, সৌর প্রযুক্তি, কেবলস, হাইব্রিড সিলিং ফ্যান, এলইডি সোলার লাইটিং, বিদ্যুৎসাশ্রয়ী এয়ারকন্ডিশনার এবং বিল্ডিং অটোমেশনসহ নির্মাণ শিল্পের আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করে।
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “সারা পৃথিবী ইতিমধ্যে বৈদ্যুতিক গাড়ী ও রেল পরিচালনায় যাওয়ার পরিকল্পনা নিয়েছে।
বেসরকারি খাত এ ধরনের স্টেশন স্থাপনে বিনিয়োগ করতে পারে বলে মনে করেন তিনি।
“এ জায়গাগুলোতে বড় আকারের অর্থায়ন করা গেলে আমরা সফল হতে পারব,” বলেন প্রতিমন্ত্রী।
তিনি বিদ্যুৎসাশ্রয়ী গ্রাহকদের প্রণোদনা দেওয়ার প্রসঙ্গ তুলে বলেন, “মানুষ নতুন প্রযুক্তির দিকে যেতে চায়। তাই যারা পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করবে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা উচিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কনসালটেন্ট পিটার ডু পন্ট বলেন, “২০১৭ সালের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী এডিবির ১৩৫ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিল রয়েছে। এরম্যধ্যে ২০ শতাংশ বরাদ্দ জ্বালানি উন্নয়নের জন্য। এই বিপুল বরাদ্দ থেকে বাংলাদেশ পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির জন্য বরাদ্দ নিতে পারে।”
অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের সিনিয়র এনার্জি স্পেশালিস্ট অশোক সরকার বলেন, “পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি সবচেয়ে বেশি দরকার। উন্নয়নশীল দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উন্নয়নের সিদ্ধান্ত নিতে পারলে সবচেয়ে বেশি সুফল পাওয়া যাবে।”
বিশ্ব ব্যাংকের কাছে নবায়নযোগ্য জ্বালানি সবচেয়ে প্রাধান্য দেওয়া একটি খাত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মতো উচ্চমাত্রার বিদ্যুৎ চাহিদার দেশগুলোর জন্য সংস্থাটির বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রেয়েছে।”
