ঢাকায় শুরু হয়েছে আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন
একজোট হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যাংকিং সংক্রান্ত সমস্যা দূর করে ‘অর্থনৈতিক স্থিতিশীলতা’ অর্জনের অঙ্গীকার নিয়ে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন ২০১৮’।
এবারের সম্মেলনে বাংলাদেশসহ ভারত, নেপাল ও ভুটানের চার শতাধিক ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নিচ্ছেন।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্যাংকার ও গবেষকদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য-উপাত্ত নিজেদের মধ্যে বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আয়োজনে এবারের সম্মেলনই প্রথম আসর।
রোববার রাজধানীর বিআইবিএম মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, “ব্যাংকিং কার্যক্রমকে এখন আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ করে রাখা সম্ভব নয়, প্রতিদিনই আমাদের বিভিন্ন দেশের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়।”
‘অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান লক্ষ্য এমন মন্তব্য করে গভর্নর বলেন, “এই খাতের ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এ অঞ্চলের বিশেষজ্ঞ, গবেষক ও ব্যাংক কর্মকর্তাদের সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
“নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করলে আমরা সবাই লাভবান হব এবং অটুট অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করতে সম্ভব হব।”
বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “একটি উন্নত দেশের ও একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ আলাদা, তাই গ্লোবাল স্ট্র্যাটেজি অনুসরণ করে আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করা যাবে না। গ্লোবাল অভিজ্ঞতার চেয়ে আমাদের আঞ্চলিক অভিজ্ঞতা বিনিময়ে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ আমাদের সমস্যাগুলো প্রায় একই রকম।”
তিনি বলেন, “সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হল এই আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন, এবার প্রথমবার হিসেবে চারটি দেশ অংশগ্রহণ করলেও আশা রাখি পরবর্তীতে অন্যরাও এতে অংশ নেবে।”
সম্মেলনে সহযোগী সদস্য হিসেবে রয়েছে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (এনআইবিএম), ভুটানের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ট্রেনিং ইনস্টিটিউট (এফআইটিআই) ও নেপালের ন্যাশনাল ব্যাংকিং ইনস্টিটিউট (এনবিআই)।
উদ্বোধনী অনুষ্ঠানে নেপালের এনবিআই প্রধান নির্বাহী সঞ্জীব সুব্বাহ, ভারতের এনআইবিএমের সহযোগী অধ্যাপক জি নাগারাজু, ভুটানের এফআইটিআইয়ের হেড অব ট্রেনিং ডেকি সোদেনসহ দেশগুলোর গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
