ভিয়েতনামের সঙ্গে যৌথবাণিজ্যের পথ খোলার সুযোগ দেখছে এফবিসিসিআই
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের যৌথবাণিজ্যের অনেক সম্ভাবনাময় দুয়ার খুলবে বলে আশা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
যৌথ বাণিজ্যের খাত চিহ্নত করতে দুই দেশের সমন্বয়ে একটি ‘বিজনেস কাউন্সিল’ গঠন করা হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে রোববার বিকালে স্ত্রী গুয়েন থি হিয়েনকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন ভিয়েতনাম প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। কয়েকজন মন্ত্রী, ৪৫টি প্রতিষ্ঠানের ১০০ জন ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন তার সফরসঙ্গী হিসেবে।
এর আগে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বাণিজ্যিক সফরে ভিয়েতনাম গিয়ে সেই দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।
রোববার ভিয়েতনাম প্রতিনিধি দলের সফর নিয়ে এফবিসিসিআইয়ের প্রত্যাশার কথা তুলে ধরেন দেশের শীর্ষ এই ব্যবসায়ী সংগঠনের শীর্ষ দুই নেতা।
এফবিসিসিআই সভাপতি বলেন, “ভিয়েতনামের কৃষি, সামুদ্রিক খাবার, হাইটেক, তথ্যপ্রযুক্তি, গাড়ি, ইস্পাত, টেলিযোগাযোগ, জ্বালানি, অবকাঠামোর মতো খাতগুলো অনেক উন্নত। তাদের সঙ্গে এই জায়গাগুলোতে যৌথভাবে কাজ করলে দুই পক্ষই লাভবান হবে। ভিয়েতনাম প্রেসিডেন্টের সফরে যৌথ বাণিজ্যের বিষয়ে একটি কার্যকর অগ্রগতি হবে।”
বিজনেস কাউন্সিল গঠন প্রসঙ্গে তিনি বলেন, “কোন কোন খাতে যৌথ বিনিয়োগ করলে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবে বিজনেস কাউন্সিল সেই বিষয়গুলো চিহ্নিত করবে। সেই হিসাবে সরকারি-বেসরকারি বিনিয়োগ হবে।”
শুধু বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধি নয়; প্রযুক্তিখাতে উন্নতি করার জন্য ভিয়েতনামের মতো দেশের কারিগরি অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে বলেও মনে করেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা।
“আইসিটি খাতে ভিয়েতনাম ভেরি অ্যাডভান্সড। তারা হার্ডওয়্যার, সফটওয়্যার উৎপাদন করছে। তদের টেকনলজি ও নলেজ শেয়ারটা আমাদের খুব কাজে আসবে। বাংলাদেশে আইসিটি নিয়ে ডেডিকেটেড পার্ক হচ্ছে। এখানে আমরা তাদের ইনভেস্টমেন্ট করার আমন্ত্রণ জানিয়েছি। আমরা চাচ্ছি, এই ট্যুরে একটা বিজনেস ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি করতে পারি।”
টেলিকম খাতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশে ভিয়েতনাম ২০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে বলে জানায় এফবিসিসিআই।
ভিয়েতনামের বিনিয়োগের পরিমান জানতে চাইলে শফিউল বলেন, “সেটা নির্ভর করবে দুই দেশের ব্যবসায়ীদের পারষ্পরিক বোঝাপড়া, রেগুলেটরি পলিসি ও অন্যান্য সুযোগ সুবিধার ওপর। তবে বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে স্থিতিশীল রেগুলেটরি পলিসি প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এফবিসিসিআই সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “আমরা ভিয়েতনাম থেকে শুধু কিনতে চাইনা, আমরা চাই টেকনলজি ট্রান্সফার, নলেজ ট্রান্সফার। বাংলাদেশে এখন যেভাবে ডিজিটাইজড হচ্ছে, সেখানে বেশিরভাগ পণ্যই বাইরের দেশ থেকে কিনতে হচ্ছে। এটা নিরাপত্তার জন্য হুমকি।
“অন্যদিকে ভিয়েতনামের সব ধরনের পণ্য আছে, সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট ব্ল্যাকহোল থেকে শুরু করে তাদের নিজস্ব দুটো স্যাটেলাইট আছে। সাইবার সিকিউরিটির জন্য সব ধরনের উপাদান তাদের আছে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন এসব বাংলাদেশেই উৎপাদন করে।”
