লাউ-টমেটোর দাম কমলেও নতুন সবজির বাজার চড়া
শীতকালীন সবজির সময় ফুরানোর সঙ্গে সঙ্গে বাজারে আসতে শুরু করেছে ঢেঁড়শ, করলা পটলসহ বেশ কয়েকটি নতুন সবজি। তবে বরাবরের মতোই স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এসব সবজি।
শুক্রবার রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার ও রামপুরার কাঁচাবাজার ঘুরে সবজির পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের দামে উঠানামা দেখা যায়।
রামপুরা কাঁচাবাজারের ব্যবসায়ী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় তিন সপ্তাহ ধরে ঢেঁড়শ, পটল, করলাসহ বেশ কয়েকটি গ্রীষ্মকালীন সবজি পাওয়া যাচ্ছে বাজারে। নতুন মওসুমের এসব সবজি চড়া দামে বিক্রি হওয়ার পাশাপাশি ক্রেতাদের আগ্রহ হারাচ্ছে শীতকালীন সবজিগুলো। দামও পড়ে গেছে অনেক।
তিনি বলেন, এই সপ্তাহে ঢেঁড়শ ৮০ টাকা, পটল ৮০ টাকা, কচুর লতি ৫০ টাকা, করলা ১০০ টাকা, উচ্ছে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া ফুল কপি ও বাঁধা কপি ২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, টমেটো ১০ টাকা, গাজর ২৫ টাকা, কাঁচামরিচ ৬০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
সেখানকার সবজি বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, কপি, টমেটোসহ অন্যান্য শীতকালীন সবজি এখন দেখতে যেমন ফ্যাকাশে, দামও অনেক কমে গেছে। বিশেষ করে লাউ ও টমেটোর দাম। এখন ২০-২৫ টাকায় কারওয়ান বাজারে লাউ পাওয়া যায়। কিছুদিন আগে এই লাউয়ের দাম একশ টাকায় উঠেছিল। আর টমেটো এখন ১০ থেকে ১৫ টাকার মধ্যে।
বাজারে নতুন আসতে শুরু করা করলা, চিচিঙ্গা, পটল বেশ ‘ভালো’ দামে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
কারওয়ানবাজারে পেঁয়াজ বিক্রেতা জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দেশি ও ভারতীয় পেঁয়াজের পাল্লা ২০০ টাকা থেকে ২১০ টাকার মধ্যে ছিল। অর্থাৎ পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে ৪০ থেকে ৪২ টাকা।
“গত সপ্তাহের মাঝামাঝিতে হঠাৎ করে একদিনের জন্য পেঁয়াজের দাম বেড়েছিল। সরবরাহ ঘাটতির কারণে কেজিতে অন্তত ৫ টাকা করে বেড়েছিল,” বলেন তিনি।
কারওয়ানবাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। গত সপ্তাহের মাঝামাঝিতে তা ছিল ১২০ টাকা।
ফার্মের মুরগির ডিমের ডজন এখন ৭০ টাকায় নেমেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে দেশি হাঁসের ডিমের দামও কমেছে। দেশি হাঁসের ডিমের ডজন এখন ১২০ টাকা, যা সাধারণত ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়।
আমনের মওসুম শেষ হওয়ায় উত্তরবঙ্গের মিলগুলোতে চালের দাম কিছুটা বেড়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার চালের বাজারেও।
উত্তর বাড্ডার সাঁতারকুল রাইস এজেন্সির ব্যবস্থাপক বিপ্লব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহে মিনিকেটসহ কয়েকটি চালের দাম কেজিতে অন্তত ২ টাকা করে বেড়েছে।
“রশিদ, মোজাম্মেলসহ অন্যান্য মিলের মিনিকেট চালের বস্তা (৫০ কেজি) ৩০১০ টাকা থেকে বেড়ে ৩০৬০ টাকা হয়েছে। বিআর আটাশ চালের বস্তা ২৫৫০ টাকা বেড়ে ২৬০০ টাকা হয়েছে।”
