বন্দরে পণ্য ওঠা-নামায় সময় কমাতে কাজ করবে এনবিআর
আমদানি বা রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে যাতে আটকে থাকতে না হয় সে ব্যবস্থা করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে কাজ করার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)‘কাস্টমস ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কোর্সের উদ্বোধন উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “ব্যবসার ক্ষেত্রে এখনও বন্দরের ক্লিয়ারেন্সের যে বিষয়টি আছে এটি যদি আরও সহজ করা যায়, আরও লিড টাইম কমিয়ে আনা যায় তাহলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে।”
কাঁচামাল আমদানি থেকে শুরু করে উৎপাদিত রপ্তানি পণ্য জাহাজিকরণ পর্যন্ত ক্রেতার বেঁধে সময়কে ‘লিড টাইম’ ধরা হয়।
বহির্নোঙরে দীর্ঘ সময় ধরে মাদার ভেসেল (কন্টেইনারবাহী বড় জাহাজ) অপেক্ষমাণ থাকা, আমদানি পণ্য ছাড়ে দীর্ঘসূত্রতা, অফ ডকে যন্ত্রপাতি স্বল্পতা, কাট অফ টাইম (পণ্য জাহাজীকরণে সময়সীমা) নির্ধারিত না থাকাসহ বিভিন্ন কারণে ‘লিড টাইম’ অনুসারে পণ্য রপ্তানি সম্ভব হয় না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা।
“উদ্যোক্তা যে রকম পাচ্ছে, যারা সেখানে কাজ করে, চাকরি করে যারা তারাও পাবে। প্রফিট (লাভ) বেশি না হলে তো বেতন বেশি দেবে না।”
তিনি বলেন, ব্যবসায় লাভ বাড়ানোর একটা বড় উপায় বন্দরের ‘লিড টাইম’ কমানো।
“আর কাস্টমস ডিউটি যেটা নির্ধারণ করা থাকে সেটা তো দিতেই হবে। কাস্টমস ডিউটি দেওয়ার ক্ষেত্রে অনেক সময় লক্ষ করা যায়, মিস ডিকলারেশন বা ইয়ে করে অনেকে কিছু এভয়েড করে নিয়ে আসতে চায়।
“সেটারও কারণ যে, অনেক দিন যদি বন্দরে থাকে, সেই ডেমারেজ যেটা দেয়, সেটা কাভার করার জন্য হইতে পারে। যদি সেখানে পড়ে না থাকে, কাস্টমস ডিউটি যে পরিমাণ এটা দিতে কেউ কুণ্ঠা বোধ করবে না।
“সেজন্য আমরা কাজ করব। আমি মিনিস্ট্রি অফ শিপিংয়ের সাথেও কথা বলব। জাতীয় রাজস্ব বোর্ড একসাথে কাজ করলে মনে হয় এসব সমস্যার সমাধান হবে।”
সিআইইউ উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ।
