ঢাকায় গাড়িতে এলপিজি দিচ্ছে ওমেরা
দেশের তৃতীয় বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজির পাশাপাশি এলপিজিকে পরিবহনের জ্বালানি হিসেবে বিপণন শুরু করেছে ওমেরা গ্যাসওয়ান।
শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে ওমেরা গ্যাসওয়ান কোম্পানির এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ওমেরা গ্যাসওয়ান প্রাথমিকভাবে এলপিজির দাম রাখছে লিটার প্রতি ৫০ টাকা। জাপানি কোম্পানি সাইসান ওয়ানের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে বাসা-বাড়িতে রান্নার এলপিজি সরবরাহ করে আসছে ওমেরা।
নতুন ফিলিং স্টেশনের উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, ভোক্তাদের সুবিধা ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে যানবাহনের জ্বালানির বৈচিত্র্য প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশে এলপিজি একটা যুগান্তকারী পর্যায়ে। প্রাইভেট সেক্টরে এই ধরনের এলপিজি তৃতীয় প্রকল্প। ক্লিন ফুয়েলের ক্ষেত্রে এলপিজি বিরাট ভূমিকা পালন করবে।
গ্রাহকের স্বার্থেই গণপরিবহনের জ্বালানিতে বৈচিত্র্য থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে যানবাহনের ক্ষেত্রে বিভিন্ন জ্বালানির ব্যবহারের সুযোগ থাকা উচিত। এতে ভবিষ্যতে মূল্য নির্ধারণের প্যারামিটারগুলো নিজেদের মতো করে ঠিক করা যাবে। গ্রাহকদের সুবিধামতো দাম ঠিক করতে পারব। সারা বিশ্বেই এমন হয়ে গেছে। ভবিষ্যতে ইলেকট্রিক জ্বালানির গাড়িও বাজারে আসবে। এখানে সিএনজি, পেট্রোল, অক্টেন, ডিজেল, ইলেকট্রিক্যাল জ্বালানি থাকবে। যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করবে।”
এলপিজির নতুন এই খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে দ্রুত নীতিমালা করার কথাও বলেন নসরুল হামিদ।
“এলপিজির দাম নির্ধারণ করতে হবে এখনই, নইলে সেবার মান ধরে রাখ যাবে না। প্রাইসিং স্ট্রাকচার কী হবে, এর জন্য রেগুলেটরি অথরিটি কে থাকবে তা এখনই ঠিক করতে হবে। আজকে এই ওমেরা ৫০ টাকায় প্রতি লিটার এলপিজি দিচ্ছে, তার পাশে আরেক ব্যবসায়ী এসে কম নিরাপত্তায়, কম দামে জ্বালানি বিক্রি করলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরেই চট্টগ্রাম, ফেনী, নরসিংদী, গাজীপুর, বগুড়া, রাজশাহী, যশোর, সাতক্ষীরা ও খুলনায় মোট ৩০টি এলপিজি ফিলিং স্টেশন চালু করবে ওমেরা।
অনুষ্ঠানে ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, সাইসান ওয়ানের সিইও তামোহিকো কাওয়ামোটো, বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালক শামসুল আলমও উপস্থিত ছিলেন।
