বিজেএমসি থেকে সাড়ে ১০ কোটি পাটের বস্তা কিনতে চুক্তি
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কাছ থেকে সাড়ে ১০ কোটি পাটের বস্তা কিনতে চুক্তি করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।
রোববার সচিবালয়ে বিজেএমসির সচিব মুহাম্মদ সালেহউদ্দীন এবং বিসিএসএ’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির আওতায় বিসিএসএ’র চাহিদা অনুসারে বিজেএমসি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে ৪৪৫ কোটি টাকায় ১০ কোটি ৬০ লাখ। ৬০০ গ্রাম ওজনের প্রতি বস্তার দাম পড়বে ৪২ টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, দেশের ভেতরে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এখন বিজেএমসির সব থেকে বড় ক্রেতা। বিজেএমসি সঙ্কটকাল পার করছে, এর মধ্য দিয়ে সেই সঙ্কটটা কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজেএমসিকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চলছে জানিয়ে সচিব বলেন, দেশের অভ্যন্তরে বিজেএমসি বড় ধরনের সরবরাহ নিশ্চিত করছে। পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজেএমসি ২৮৫ ধরনের পাটপণ্য দেশ-বিদেশে বিক্রি করে বলেও জানান তিনি।
বিসিএসএ’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী জানান, বাংলাদেশে ৪১৬টি কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা ৫৫ লাখ মেট্রিক টন। বিজেএমসি থেকে কেনা পাটের বস্তায় আলু রাখা হবে।
