বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: এফবিসিসিআই
ব্যবসা-বাণিজ্য গতিশীল করতে চট্টগ্রামসহ সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির এক সভায় এবিষয়ে জোর সুপারিশের সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দেশের দ্রুত অগ্রসরমান উন্নয়ন প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে বন্দরের পণ্য লোড-আনলোড দ্রুতকরণ, গ্যান্ট্রি-ক্রেন ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা দরকার বলে সভায় মত দেন এফবিসিসিআই সদস্যরা।
এছাড়াও সরকার সম্প্রতি জাতীয় সংসদে যে ‘ওয়ানস্টপ সার্ভিস’ বিল পাশ করেছে তাতে প্রক্রিয়ায় নৌ-পরিবহণ এবং সমুদ্র পরিবহণ সেবায় নিয়োজিত বিভিন্ন পক্ষকে সংযুক্ত করার পরামর্শও এসেছে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে।
কমিটির চেয়ারম্যান মো. পারভেজ সাজ্জাদ আকতারের সভাপতিত্বে সভায় স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন-চার্জ ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই পরচিালক হাফেজ হারুন, কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা আলোচনায় অংশ নেন।
সভার সদস্যদের বক্তব্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র বন্দরসমূহের অদক্ষতা এবং বন্দর ব্যবহারকারীদের সুষ্ঠু সেবা দিতে না পারায় অনেক ক্ষেত্রেই আমদানি রপ্তানিকারকদের ব্যবসায়িক খরচ বেড়ে যায় যার প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়ে। পদ্মাসেতু চালু হলে মোংলা ও পায়রা বন্দরের গুরুত্ব অনেক বেড়ে যাবে।
