বাজেট প্রস্তাবে ‘অর্থনীতির চ্যালেঞ্জে’ গুরুত্ব দিবে এফবিসিসিআই
আগামী বাজেট প্রস্তাবে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় দেশের অর্থনীতি ও শিল্প-বাণিজ্যের চ্যালেঞ্জকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ আলোচনা হওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় দেশের অর্থনীতি ও শিল্প-বাণিজ্যে যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে সেসব বিবেচনায় রেখে আগামী ২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবনা তৈরির উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই।”
বাজেট প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে এফবিসিসিআই থেকে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে বলে উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
এফবিসিসিআইয়ের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, স্থায়ী কমিটির ডাইরেক্টর ইনচার্জ এ কে এম সাহিদ রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে এ বছর ৩৯ তম পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
