২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি বাণিজ্যেও অস্থিরতার শঙ্কা

নির্বাচনের বছর শুরুর মাসে রপ্তানি আয়ে ধীর গতি দেখা দিয়েছে, যার পেছনে ফের রাজনৈতিক অস্থিরতার শঙ্কা কাজ করছে বলে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 10:23 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

২০১৮ সালের প্রথম মাস জানুয়ারিতে গত বছরের জানুয়ারির চেয়ে মাত্র সাড়ে ৩ শতাংশ রপ্তানি আয় বেশি এসেছে। গত বছরের শেষ মাস ডিসেম্বরে এ খাতে প্রবৃদ্ধি ছিল সাড়ে ৮ শতাংশের বেশি। জানুয়ারিতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ।

চলতি ২০১৭-১৮ অর্থবছরের সাত মাসের (জুলাই-জানুয়ারি) হিসাবে আয় বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ, যেখানে ডিসেম্বর পর্যন্ত আয় বেড়েছিল ৭ দশমিক ১৫ শতাংশ। তৈরি পোশাক রপ্তানির উপর ভর করেই এই প্রবৃদ্ধি হয়েছে।

ডিসেম্বর নাগাদ লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ২৩ শতাংশ আয় বৃদ্ধি হলেও জানুয়ারি শেষে তা উল্টো দশমিক ২৩ শতাংশ কমেছে।

আগামী জুন পর্যন্ত রপ্তানি আয়ে এই ধীর গতি থাকবে বলে মনে করছেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সময়ে মনে হয় ৬-৭ শতাংশের মতো প্রবৃদ্ধি হবে। কিন্তু জুনের পর অর্থাৎ আগামী অর্থবছর থেকে এই প্রবৃদ্ধি মনে হয় থাকবে না। এর কারণ দুটি- প্রথমত: জাতীয় নির্বাচন ঘিরে অস্থিতিশীল রাজনীতি। আর দ্বিতীয়ত: পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি।

“ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরে অবার হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও অস্থিরতা শুরু হয় কি না- সে কারণে ক্রেতারা সতর্ক অবস্থান নিয়েছেন। ঠিকমতো পণ্য পাবেন কি না সে আশঙ্কায় তারা কম অর্ডার দিচ্ছেন।”

দেশের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ইভিন্স গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ২০১৭ সালের প্রথম দিকে রপ্তানি আয়ের গতি বেশ খারাপ ছিল। শেষের দিকে এসে বেড়েছে। নতুন বছরের প্রথম মাসের প্রবৃদ্ধিও খারাপ না। অন্যান্য খাতে প্রবৃদ্ধি কমলেও পোশাক খাতে সাড়ে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

“ইলেকশনকে কেন্দ্র করে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় কি না- তা নিয়ে ক্রেতারা শঙ্কার মধ্যে আছেন। তবে আমার ধারণা, জুন পর্যন্ত বর্তমান প্রবৃদ্ধিই বজায় থাকবে। জুলাই থেকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে আমাদের রপ্তানি খাত।”

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি যেখানে ৩০ শতাংশ বেড়েছে সেখানে ৬/৭ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি মোটেই যথেষ্ট নয়।

“জাতীয় নির্বাচন ঘিরে এই প্রবৃদ্ধি যদি আরও কমে যায় তাহলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।”

গত কয়েক মাসে টাকার বিপরীতে ডলারের দরবৃদ্ধি রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রাখতে অবদান রেখেছে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত একবছরে টাকার বিপরীতে ডলারে দর বেড়েছে ৫ শতাংশের মতো, ছয়  মাসে বেড়েছে ৩ শতাংশ।

সেপ্টেম্বর মাসে বড় ধসের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি- চার মাসেই বেড়েছে রপ্তানি আয়।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার ১৩২ কোটি ৪৯ লাখ ডলার আয় করেছে। এ সময়ে লক্ষ্যমাত্রা ধরা ছিল দুই হাজার ১৩৭ কোটি ৩০ লাখ ডলার।

গত ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে দুই হাজার ১ কোটি ৩২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

এ হিসাবে এই সাত মাসে আয় বেড়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ২৩ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় ২৯ শতাংশ, অগাস্টে রপ্তানি আয় বাড়ে ১০ দশমিক ৭১ শতাংশ। এই দুই মাসে (জুলাই-অগাস্ট) রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয় প্রায় ১৪ শতাংশ; লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। সেপ্টেম্বর শেষে সেই প্রবৃদ্ধি ৭ শতাংশে নেমে আসে, লক্ষ্যমাত্রাও হোঁচট খায়।

২০১৭-১৮ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে একহাজার ৭৬৫ কোটি ৫১ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ বেশি। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ৮৯০ কোটি ৬৩ লাখ ডলার এবং ওভেন পোশাক রপ্তানিতে ৮৭৪ কোটি ৮৭ লাখ ডলার আয় হয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই-জানুয়ারি সময়ে মোট রপ্তানি আয়ের মধ্যে ৮২ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ দশমিক ৭১ শতাংশ।

এই সাত মাসে নিট খাতে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫ শতাংশ। আর ওভেনে বেড়েছে ৪ দশমিক ৭৪ শতাংশ।

জুলাই-জানুয়ারি সময়ে হিমায়িত খাদ্য রপ্তানি আয় বেড়েছে ১৬ দশমিক ০৯ শতাংশ। কৃষি পণ্য রপ্তানি ৯ দশমিক ৬৪ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানি ১০ দশমিক ০৭ শতাংশ বেড়েছে।

তবে হোম টেক্সটাইল পণ্য রপ্তানি ১ দশমিক ৪৯ শতাংশ, প্লাস্টিক পণ্য ৩৩ দশমিক ৫৬ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে।

২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৭৫০ কোটি (৩৭ দশমিক ৫ বিলিয়ন) ডলার।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে তিন হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ (৩৪ দশমিক ৬৫ বিলিয়ন) ডলার আয় করে, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ বেশি।