বাজাজ পালসার এনএস ১৬০ বাজারে
নতুন ১৬০ সিসির মোটর সাইকেল 'বাজাজ পালসার এনএস ১৬০' বাজারজাতকরণ শুরু করেছে উত্তরা মোটরস।
রোববার 'দি ফাস্টেস্ট বাংলাদেশি' স্লোগান নিয়ে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) তে মোটর সাইকেলটির উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে রয়েছে চার স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ও অয়েল কুল্ড ডিটিএস আই ইঞ্জিন। ৮৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৫.৫ পিএস ও ৬৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৪.৬ এনএম টর্কের শক্তিতে এটি চলতে পারবে যা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী।
মোটর সাইকেলটির দাম এক লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। চারটি রঙে এটি পাওয়া যাবে।
স্টিল রিজিড পেরিমিটার ফ্রেমের মধ্যে মোটর সাইকেলটির ইঞ্জিন বসানো হয়েছে, যার ফলে খুবই সাবলীলভাবে এটি পরিচালনা করা যায়। এছাড়াও রয়েছে স্পোর্টস টেলিস্কোপিক ফর্কস ও নাইট্রক্স মনো সাসপেনশন। সামনের চাকায় ২৪০ মি. মি. ডিস্ক ও পেছনের চাকায় ১৩০ মি.মি. ড্রামব্রেক লাগানো হয়েছে।
মোটর সাইকেলটির ওজন ১৪২ কেজি এবং সর্বোচ্চ ১২ লিটার পর্যন্ত জ্বালানি ধারণ করতে পারবে।
অগ্রিম বুকিং দেওয়া ৩০ জন ক্রেতাকে উন্মোচন অনুষ্ঠানেই মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, অটোমবাইল বিভাগের ডিএমডি ডুরান্ড মেহদাদুর রহমান ও নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন। এছাড়াও ছিলেন বাজাজ অটো লিমিটেডের দক্ষিণ এশিয়ার প্রধান ভিশাল গুপ্ত, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার শচিন দেশপান্ডে এবং বাংলাদেশের কান্ট্রি হেড সামির মার্দিকার।
