বিক্রি-রপ্তানি আদেশ দুটোই কমেছে বাণিজ্য মেলায়
চার দিন বাড়ালেও এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি কমেছে ২৬ কোটি টাকা; রপ্তানির আদেশও কমেছে ৭৮ কোটি টাকা।
রোববার ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে লাভালাভের চিত্র তুলে ধরা হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এবার ২০ মিলিয়ন ডলার বা ১৬৫ কোটি ৯৬ লাখ টাকার রপ্তানি আদেশ পেয়েছে বাংলাদেশি কোম্পানিগুলো।
গতবারের মেলায় ২৪৩ কোটি ৪৪ লাখ টাকা বা ৩০ দশমিক ৪৩ মিলিয়ন ডলারের স্পট অর্ডার এসেছিল। ২০১৬ সালে ছিল ২৩৫ কোটি ১৭ লাখ টাকা।
রাজনৈতিক সহিংসতার দুই বছর ২০১৫ ও ২০১৪ সালে রপ্তানির আদেশ ছিল যথাক্রমে ৯৫ কোটি ও ৮০ কোটি টাকা। তার আগের বছর ২০১৩ সালে রপ্তানি আদেশ এসেছিল ১৫৭ কোটি টাকা।
এ বছর মেলায় ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে বলে ইপিবি জানিয়েছে।
২০১৭ সালের মেলায় মোট বিক্রির পরিমাণ ছিল ১১৩ কোটি ৫৩ লাখ টাকা।
গত ৩১ জানুয়ারি বাণিজ্য মেলা শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের অনুরোধে সময় চার দিন বাড়ায় আয়োজনকারী কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর রাজনৈতিক অস্থিরতা না থাকায় বাণিজ্য মেলা ‘সফল ও সার্থক’ হয়েছে।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “দেশে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ দেখতে চাই। কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ ব্যবসায়ীরা চায় না।”
রাজধানীর পূর্বাচলে বাণিজ্য মেলার জন্য নির্ধারিত জায়গা ২০ একর থেকে ৩৫ একরে উন্নীত করা হয়েছে। সেখানে বাণিজ্য মেলা স্থানান্তরের প্রক্রিয়াও চলছে।
“২০২০ সালের মধ্যেই সেখানে বাণিজ্য মেলার আয়োজন স্থানান্তর করা হবে,” বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, সভাপতি ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য বক্তব্য রাখেন।
বাণিজ্য সচিব বলেন, “পণ্যের পাশাপাশি আমাদের সেবা রপ্তানির দিকে নজর দিতে হবে। এখন অনেক কোম্পানিই আসছে যারা সেবা গ্রহণ করতে চাচ্ছে। আমরা সেবা রপ্তানির ক্ষেত্রে ভবিষ্যতে উল্লেখযোগ্য স্তরে পৌঁছাতে পারব।”
