বাণিজ্য মেলায় ২৪৩ কোটি টাকার স্পট অর্ডার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২২তম আসরে মোট বিক্রির দ্বিগুণেরও বেশি স্পট অর্ডার পাওয়া গেছে।
মাসব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজক রপ্তানী উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা জানান, এবারের মেলায় মোট ২৪৩ কোটি ৪৪ লাখ টাকা বা ৩০ দশমিক ৪৩ মিলিয়ন ডলারের স্পট অর্ডার পাওয়া গেছে।
“আর মেলায় মোট বিক্রির পরিমাণ ১১৩ কোটি ৫৩ লাখ টাকা,” বলেন তিনি।
মেলায় নান্দনিক নির্মাণ শৈলী ও সুন্দর প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের জন্য কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এরমধ্য্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটগরিতে ওয়ালটন হাইটেক, আখতার ফার্নিচার, হাতিল ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ পুরস্কার পায়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, “ব্যবসায়ী, শিল্পপতি, সাধারণ কৃষক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সকল দিক থেকে সকল ধরণের সূচকে প্রত্যেকটা গ্লোবাল র্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
“এখন আমরা শুধুমাত্র পোশাক শিল্প নয়, অন্যান্য পণ্য উৎপাদন ও রপ্তানি শুরু করেছি। বিভিন্ন ধরনের মেশিন থেকে শুরু করে নানা ধরনের পণ্য এখন দেশেই উৎপাদিত হচ্ছে। আমি মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।”
মন্ত্রী বলেন, “এক সময় বাংলোদেশকে বলা হতো বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশ কিন্তু এখন নেই। গত ৫ বছর আগের বাংলাদেশ আর নেই।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ও অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
অনিয়মে জরিমানা ৯ লাখ টাকা
মেলার পুরো মাস ধরে শখানেক অভিযোগ জমা পড়লেও শেষ দিন ছিল অভিযোগবিহীন। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ও বাণিজ্য মেলার ভোক্তা অভিযোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম আরেফিন এজন্য সন্তোষও প্রকাশ করেছেন।
“সব মিলিয়ে আমরা প্রায় ১০০টি অভিযোগ পেয়েছি, যার মধ্যে ৪১টি অভিযোগের ভিত্তিতে সবমিলিয়ে প্রায় ৯ লাখ টাকা জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
অতিরিক্ত মূল্য আদায়, মিথ্যা বিজ্ঞাপণ, মোড়কে মেয়াদ উত্তীর্ণ তারিখ ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, এই বিষয়গুলো কঠোর ভাবে নজরদারি করা হয়েছে বলে জানান তিনি।
মেলার শেষ দিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে ক্রেতা-বিক্রেতাদের কথায়।
“আজকে বেলা তিনটায় আমরা বিক্রি বন্ধ করে দিয়েছি। মোটামুটি ভালই বিক্রি হয়েছে,” বলছিলেন প্রাণের প্যাভিলিয়ন ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম।
মেলার সময় বৃদ্ধিতে লাভের চেয়ে বেশি লোকসান গুনতে হয়েছে মন্তব্য করে পারটেক্স ফার্নিচারের ম্যানেজার সুজীত চক্রবর্তী বলেন, “মেলায় ভিজিটর আছে, ক্রেতা নেই। যারা কেনার তারা জানুয়ারিতেই কিনে নিয়েছে।”
এর আগে জানুয়ারির ৩১ তারিখ মেলা শেষ হবার কথা থাকলেও, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধির ঘোষনা দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মেলায় আসা মিরপুরের বাসিন্দা শিবলী সাদিক মেলা প্রাঙ্গণকে ‘জনসমুদ্র’ অভিহিত করে বলেন, “গত সবদিনের চেয়ে আজকে দাম বেশি, পণ্যের মানও খুব খারাপ। অনেক লোক দেখে দাম কমাচ্ছে না বিক্রেতারা।”
ইপিবির আয়োজনে প্রতি বছরের মত এবারও ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা উদ্বোধন করেন। বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের ব্যবসায়ীরা এবারের মেলার অংশ নেন।
মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল ছিল। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল ছিল ৫৮টি।
