২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের আয় বেড়েছে ১১.৮%

ডেটা ব্যবসায় বড় প্রবৃদ্ধির ওপর ভর করে গতবছর ১২ হাজার ৮৪০ কোটি টাকা আয় করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, যা আগের বছরের চেয়ে ১১ দশমিক ৮ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 10:19 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

কোম্পানির ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, গত বছর ডেটা থেকে তাদের আয় বেড়েছে ৪৬ দশমিক ৪ শতাংশ। আর ভয়েস সেবায় ৯ দশমিক ৫ শতাংশ আয় বেড়েছে।

গত এক বছরে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ৭৪ লাখ। গ্রাহক সংখ্যায় প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭ শতাংশ।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে গ্রাহকের হাতে থাকা ১৪ কোটি ৫১ লাখ মোবাইল সিমের মধ্যে ছয় কোটি ৫৩ লাখই গ্রামীণফোনের সিম। অর্থাৎ, দেশের মোবাইল ফোন গ্রহাকদের মধ্যে ৪৫ শতাংশই এ কোম্পানির সেবা নেন।

দেশে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন সাড়ে সাত কোটি গ্রাহক। গ্রামীণফোন জানিয়েছে, গত এক বছরে তাদের ডেটা গ্রাহক বেড়েছে ৬৬ লাখ।

গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি এক বিবৃতিতে বলেন, “২০১৭ সালে আমরা খুবই প্রতিযোগিতামূলক পরিবেশে শক্তিশালী ব্যবসায়িক ফলাফল পেয়েছি। কৌশলগত লক্ষ্য নির্ধারণ এবং বাজারে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।”

ভবিষ্যতে এই কর্মপদ্ধতিকে আরও দক্ষ করে তুলে শেয়ার হোল্ডারদের কাছে এ কোম্পানিকে আরও লাভজনক করে তোলার আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর দেওয়ার পর ২০১৭ সালে গ্রামীণফোনের মুনাফা হয়েছে দুই হাজার ৭৪০ কোটি টাকা। এ বছর শেয়ার প্রতি আয় ছিল ২০ দশমিক ৩১ টাকা।

গ্রামীণফোনের সিএফও কার্ল এরিক ব্রোতেন বলেন, কোম্পানির পরিচালনা পর্ষদ এবার শেয়ারহোল্ডারদের জন্য ২০৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। কোম্পানির আয়ে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।

গ্রামীণফোন ২০১৬ সালে সরকারি কোষাগারে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে ৬ হাজার ১৮০ কোটি টাকা জমা দিয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।