বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী ভিয়েতনাম
দীর্ঘদিনের কূটনৈতিক সুসম্পর্ককে কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন ঢাকা সফররত ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড্যাং ডিন কুই।
এক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর আলোচনার আয়োজন করা যেতে পারে বলে মনে করেন তিনি।
২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ৬৬ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের পণ্য ভিয়েতনামে রপ্তানি করেছে। ওই বছর ভিয়েতনাম থেকে ৪১২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আসে বাংলাদেশে।
মঙ্গলবার মতিঝিল ফেডারেশন ভবনে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সফররত ভিয়েতনাম প্রতিনিধিরা। ড্যাং ডিন কুই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন।
মতবিনিময়ে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ৬ শতাংশ হারে অর্জিত হচ্ছে, যা গত দুই বছরে ৭ শতাংশে উন্নীত হয়েছে।
বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন শুল্কমুক্ত সুবিধা রয়েছে জানিয়ে শফিউল বলেন, ভিয়েতনামের ব্যবসায়ীরা চাইলে এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। তৈরি পোশাক, ওষুধ, কৃষি যন্ত্রপাতি, সিরামিক, হাল্কা প্রকৌশল শিল্প খাতে যৌথ বিনিয়োগ হতে পারে।
আগামী ৪ থেকে ৬ মার্চ ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং-এর বাংলাদেশ সফরের সূচি রয়েছে। ওই সফরে দুই দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হতে পারে বলে মত দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ড্যাং ডিন কুই।
তিনি বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে ৪৫ বছর ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে সেই সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী তারা।
অনুষ্ঠানে বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভ্যান খোয়া, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ও কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে কৃষিজাত পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য এবং ওষুধ সামগ্রী। অন্যদিকে ভিয়েতনাম থেকে খণিজ দ্রব্য, বস্ত্র ও বস্ত্র সামগ্রী, যন্ত্রপাতি ও প্লাস্টিক উপাদান আমদানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
