সবজিতে স্বস্তি ফিরলেও পেঁয়াজের ঝাঁজ কমেনি
শীতের শুরু থেকেই ঢাকার বাজারে নানা ধরনের সবজির সমারোহ হলেও চড়া দাম নিয়ে অসন্তোষ ছিল ক্রেতাদের, তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ৩০ টাকা দাম কমায় স্বস্তির কথা জানিয়েছেন তারা।
তবে ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য কমানোয় বাংলাদেশেও এর দাম কমবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিলেও সপ্তাহের ব্যবধানেও তার প্রভাব পড়েনি বাজারে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ শীতকালীন সবজির দাম কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত কমেছে। সবচেয়ে বেশি কমেছে লাউয়ের দাম, যা এক সপ্তাহ আগে ঢাকার কোনো কোনো খুচরা বাজরে প্রতিটি একশ টাকায় বিক্রি হয়েছিল।
কারওয়ান বাজারে এদিন ৩০ থেকে ৬০ টাকার মধ্যে বিভিন্ন আকারের লাউ বিক্রি হয়েছে।
জ্যোৎস্না বেগম নামের এক সবজি বিক্রেতা বলেন, গত সপ্তাহে লাউয়ের দাম অনেক বেড়েছিল। দুই দিন ধরে দাম কম।
তার দোকানে যে লাউ শুক্রবার ৫০ টাকায় বিক্রি হয়, সেই আকারের লাউ এক সপ্তাহ আগে মিরপুর ৬ নম্বর ঈদগাহ বাজারে বিক্রি হয়েছিল একশ টাকা করে।
লাউ ছাড়াও শিম, টমেটো, কাচা পেঁপে ও বেগুনের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। এদিন কারওয়ান বাজারে শিম ৩০ থেকে ৩৫ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩৫ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা কেজি বিক্রি হয়।
ঢাকার মিরপুর-১ নম্বর পাইকারি কাঁচাবাজারেও বৃহস্পতিবার রাতে একই দামে বিক্রি হয়েছে শাক সবজি। এই বাজারে প্রতিটি ফুলকপি ২০ টাকা এবং বাধাঁকপি ১৫ টাকা দরে বিক্রি হয়।
এক সপ্তাহ আগে মিরপুর ৬ নম্বর বাজারসহ ঢাকার কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি শিম ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, বেগুন ৬০ টাকা দরে বিক্রি হয়। মাঝারি আকারের ফুলকপি বিক্রি হয় ৪০ টাকায়।
সবজির দাম নিয়ে সন্তোষ জানিয়ে ইস্কাটনের একটি ভবনের নিরাপত্তারক্ষী মোকসেদ আলী বলেন, “যাক বাঁচা গেছে, শাক-সবজির দাম বেশ কমেছে। কয়েক মাস ধরে তো শাক-সবজি কেনাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল।”
গত বছর দুই দফা বন্যায় ক্ষেত নষ্ট হওয়ায় শাক-সবজির দাম ছিল চড়া। শীতে নতুন নতুন সবজি উঠলে দাম কমবে বলে মন্ত্রীরা আশ্বাস দিলেও এতদিনে তার প্রমাণ মেলেনি। ছয় মাসেরও বেশি সময়ের ব্যবধানে ঢাকার বাজারে এই প্রথম টমেটোর কেজি ৫০ টাকার নিচে নেমেছে। অন্যান্য সবজির এই দামও কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম।
তবে শুক্রবার তার কোনো প্রভাব দেখা যায়নি বাজারে। কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন জানান, দেশি পেঁয়াজের পাল্লা (৫ কেজি) আড়াইশ টাকা এবং ভারতীয় পেঁয়াজের পাল্লা আড়াইশ থেকে তিনশ টাকায় বিক্রি হচ্ছে।
এই ব্যবসায়ী বলেন, তিন-চার দিন আগে দেশি পেঁয়াজের দাম কিছুটা কম ছিল। পাল্লা ২২৫ টাকায় নামলেও সরবরাহ কমে যাওয়ায় আবার দাম বেড়েছে।
নিজের দোকানে থাকা ফরিদপুরের পেঁয়াজ দেখিয়ে তিনি বলেন, “এবার পেঁয়াজের গাছ বড় হলেও ফলন কম হয়েছে। অনেক স্থানে ফলন নষ্টও হয়েছে। সে কারণে এখনও পেঁয়াজের দাম কমছে না।”
কারওয়ানবাজারে ৫০ টাকায় এক কেজি পেঁয়াজ পাওয়া গেলেও ঢাকার অন্যান্য কাঁচাবাজার ও পাড়া-মহল্লায় দাম আরও বেশি। খুচরা পর্যায়ে এখনও এক কেজি পেঁয়াজ কিনতে ৭০-৭৫ টাকা লাগছে। তবে সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে ৫০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
গতবছর জুলাইয়ের শেষভাগে হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০-২৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকার উপরে ওঠে। এর মধ্যে পরিস্থিতি সামলাতে ভারতের বিকল্প হিসাবে মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়।
এরপর অতিবৃষ্টিতে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হলে দেশটির সরকার রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়। ফলে আরেক দফা ধাক্কা খায় বাংলাদেশ। দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১২০-৩০ টাকা পর্যন্ত ওঠে।
নতুন পেঁয়াজ ওঠার পর দাম কিছুটা কমলেও সরকারি হিসাবে এখনও তা গত বছরের একই সময়ের তুলনায় ১৫৫ শতাংশ বেশি।
গত এক সপ্তাহে বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত ৫ টাকা করে বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। কারওয়ানবাজারে ব্রয়লার মুরগির কেজি ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
আর ফার্মের মুরগির ডিমের ডজন ৮০ টাকা এবং দেশি হাঁসের ডিমের ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
