২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়্যার খাতে নতুন উদ্যোগে অর্থায়নের সুপারিশ

সফটওয়্যার নির্মাতা কোম্পানিগুলোর সক্ষমতা বাড়াতে মেধাস্বত্ত্ব অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ নতুন উদ্যোগে অর্থায়নের উপর জোর দেওয়া হয়েছে এক গবেষণায়।

উম্মে হাবিবা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 03:25 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

দেশে সফটওয়্যার শিল্প নিয়ে প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন পরিচালিত গবেষণা প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, মেধাস্বত্ব অধিকার চর্চার অনুপস্থিতির ফলে সফটওয়্যার কোম্পানিগুলি যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি সম্ভাব্য অংশীদারের জন্য এগুলির মূল সম্পদ মূল্যায়ন করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কাজকে কঠিন করে তুলছে।

এর ফলে সফটওয়্যার খাতে স্থানীয় বিনিয়োগকারীদের শুরুর দিকের অংশগ্রহণ পরে আর প্রাতিষ্ঠানিক ঝুঁকি অর্থায়নে উন্নীত হতে পারেনি।

“আর এই মেধাস্বত্ব অধিকারের চর্চা না থাকায় রাজস্ব অর্জনে সক্ষম সফটওয়্যার সম্পদের মূল্য নির্ধারণের কারণটি চূড়ান্তভাবে কঠিন করে তুলেছে; খাতের দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ‘ঝুঁকিপূর্ণ উদ্যোগে অর্থায়ন’ মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।”

সফটওয়্যার শিল্পের উন্নয়নের বাধাগুলো চিহ্নিত করতে এই গবেষণা চালানো হয়েছে বলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তিনি বলেন, সফটওয়্যার শিল্পের অগ্রগতিতে সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে বাংলাদেশ ব্যাংক, সফটওয়্যার খাতের কোম্পানিগুলোর সমিতি বেসিসসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে এসএমই ফাউন্ডেশন একযোগে কাজ করবে।

প্রতিবেদনে বলা হয়, সফটওয়্যারের স্থানীয় বাজার বিদেশিদের হাতেই থাকার ফলে স্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলোর অবস্থান দুর্বল হওয়ার পাশাপাশি স্থানীয় গ্রাহকরা সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে লাগাতার উদ্ভাবনের সুফল ভোগ করতে পারছেন না।

এই পর্যবেক্ষণের সঙ্গে কিছুটা ভিন্নমত প্রকাশ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহ-সভাপতি এম রাশিদুল হাসান বলেন, “ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেওয়ার পর থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোই আমাদের সবচেয়ে বড় ক্রেতা।

“সুতরাং লোকাল মার্কেটেও আমাদের চাহিদা আছে। তাছাড়া লোকাল মার্কেটে একসেস না পেলে এক্সপোর্টও করা যায় না।”

এতে বলা হয়, সাত হাজারেরও কম শ্রমশক্তি নিয়ে মোট ৩০৯টি সফটওয়্যার কোম্পানি থেকে বছরে ১০ কোটি ডলারেরও কম রাজস্ব আসে, যার মধ্যে রপ্তানি থেকে আসে প্রায় আড়াই কোটি ডলার। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক আকারের মধ্যে সফটওয়্যার নির্মাণ খাতের এই অবদান নিঃসন্দেহে নগণ্য।

যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও জাপানসহ বেশ কয়েকটি দেশে পণ্য ও সেবা রপ্তানিতে ১৮৫টি সফটওয়্যার কোম্পানির অভিজ্ঞতা থাকলেও এর মধ্যে কেবলমাত্র ৩টি কোম্পানি পাঁচ কোটি টাকার বেশি আয় করতে সক্ষম বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

আর পণ্য উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধি কৌশল গ্রহণের জন্য সফটওয়্যার কোম্পানিগুলোকে ঝুঁকিপূর্ণ অর্থায়নেরর জন্য পুঁজির ব্যাপক ঘাটতির কথা তুলে ধরে এই বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে প্রতিবেদনে।

বেসিস সহ-সভাপতি রাশিদুল বলেন, “সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ নেই। তবে সফটওয়্যার শিল্প অর্থনীতিতে অবদান রাখছে না সেটি ঠিক নয়।”

বেসিসের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের সফটওয়্যার শিল্পে মোট কোম্পানির সংখ্যা এক হাজারের বেশি। তবে ২০১৪ সাল পর্যন্ত বেসিসে নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৭০৯টি।

স্থানীয় বাজারে এই খাতের আকার ৪০ কোটি ডলার। আর রপ্তানি পণ্যের মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে মোট রাজস্ব আসে ৭০৯ কোটি টাকা এবং আইটিইএস (আইটি এনাবল্ড সার্ভিস) থেকে আসে একহাজার ৫০ কোটি ডলার।

সংগঠনটির হিসাব অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি থেকে এই শিল্পে আয় হয়েছে ১০ কোটি ১৬ লাখ ডলার, যা ২০০৪-০৫ অর্থবছরে ছিল ১ কোটি ২৬ লাখ ডলার।

সফটওয়্যার খাতের ব্যবসা সম্প্রসারণের ব্যয় ভারতে অত্যন্ত কম হওয়ায় এবং তার যোগাযোগ খাতের উন্নতি ও শ্রম খাতে ব্যয় কম থাকায় উন্নত দেশ থেকে ভারতে উৎপাদন স্থানান্তর করছে। এর বিকল্প হিসেবে বাংলাদেশের গড়ে উঠা খুবই কঠিন বলে প্রতিবেদনে তুলে ধরা হযেছে।

পণ্য উদ্ভাবনে বিনিয়োগ সুযোগ সীমিত থাকার কারণে বেশিরভাগ কোম্পানি প্রজেক্টনির্ভর ‘কাস্টমাইজড সফটওয়্যার অ্যাপ্লিকেশন’ সেবা দিয়ে থাকে বলে এসএমই ফাউন্ডেশনের প্রতিবেদনে তুলে ধরা হলেও এম রাশিদুল হাসান ভিন্ন কথা বলছেন।

বাংলাদেশের সফটওয়্যার শিল্পে প্রধানত দুই ধরণের পণ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, “সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটিইএস অর্থাৎ আইটি এনাবল্ড সার্ভিসেস, যেখানে কম্পিউটার ইউজ করে কাজগুলো হয়। যেমন- ব্যাংক অফিস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ব্যাকআপ দেওয়া ও গ্র্যাফিক্সের কাজ করা হয়।

“প্রধানত ‘ইউনিক সল্যুশন’ দেওয়ার মাধ্যমেই বেশি অর্থ আসে। এখন ‘মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ভার্চুয়াল রিয়েলিটি- এই ধরণের একটি ইন্ডাস্ট্রি’ তৈরি করার চেষ্টা হচ্ছে।”

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৩০৯টি সফটওয়্যার কোম্পানিতে সাত হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। ৩০ জনের কম জনশক্তি নিয়ে প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান কাজ করছে। যথেষ্ট বিনিয়োগ ও পরিকল্পনার অভাবে তৈরি হচ্ছে না কর্মক্ষেত্র।

দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীর জন্য সম্ভাবনাময় একটি শিল্প হিসেবে দেশের অর্থনীতিতে বড় ধরণের প্রভাব বিস্তারে সক্ষম এই শিল্পের জন্য প্রয়োজন উদ্ভাবনীমূলক প্রবৃদ্ধি কৌশল প্রণয়ন করার।

এই খাতে প্রবৃদ্ধির প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে, যাতে সরকারি ও বেসরকারি খাতের জন্য সফটওয়্যার উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধি কৌশলে নজর দেওয়ার পাশাপাশি সফটওয়্যার তৈরিতে স্থানীয় কোম্পানিগুলোকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার কথা বলা হয়েছে।

সফটওয়্যার কোম্পানিগুলোকে ক্ষমতায়ন করার সুপারিশ করা হয়েছে, যাতে পণ্য সরবরাহ ব্যয় কমে, পণ্যের গুণগত মান বৃদ্ধি পায় এবং বাজার সম্প্রসারণ হয়। তার সঙ্গে এই শিল্পে কর্মরতদের ক্যারিয়ার উন্নত ও লাভবান হয়।

শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে সবার জন্য আইটি (তথ্যপ্রযুক্তি) শিক্ষা না দিয়ে সর্বক্ষেত্রে আইটিনির্ভর সেবা প্রদানে উৎসাহিত করার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

সফটওয়্যার শিল্পে সৃজনশীল উদ্যোক্তা সৃষ্টিতে ‘গবেষণা ও উন্নয়ন’ এবং তরুণশ্রেণীর ক্ষমতায়নে দৃষ্টিপাত করতেও সুপারিশ করা হয়েছে।

নানা সীমাবদ্ধতার মধ্যে সফটওয়্যার শিল্পের তিনটি সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। যেমন- মোবাইল অ্যাপ্লিকেশন সেবা তৈরির মাধ্যমে শিল্পের পরিধি বাড়ানো, শিল্প খাতের বিভিন্ন কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করার সুযোগ এবং বৈশ্বিক অনলাইন জব মার্কেটে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর কাজের সুযোগ ও ক্ষেত্রে তৈরি হচ্ছে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।