ইসলামিক বন্ডের প্রচলন চান আরাস্তু খান
বাংলাদেশে অবিলম্বে ইসলামিক বন্ড পদ্ধতি বা ‘সুকুক’ চালু করা প্রয়োজন বলে মনে করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান আরাস্তু খান।
গত সোমবার ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমি আয়োজিত একটি কর্মশালায় তিনি একথা বলেন।
‘সুকুক ইসলামিক বন্ড’ শীর্ষক দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা গত ২১ ও ২২ জানুয়ারি বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১০টি ব্যাংকের ২২ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আইবিসিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মশালায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের বক্তব্য তুলে ধরা হয়।
আরাস্তু খান বলেন, বর্তমানে বিশ্বব্যাপী সুকুক একটি সুপ্রসিদ্ধ এবং শরীয়াহ স্বীকৃত ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট। বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে অবিলম্বে সুকুক ইসলামিক বন্ড চালু করা দরকার। বাংলাদেশে এর প্রবর্তন-প্রসার ঘটলে সরকার ও ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলো লাভবান হবে।
অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, আইবিসিএফের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আব্দুল আউয়াল সরকার, ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মুহাম্মদ আব্দুস সামাদ এবং ইসলামিক ল’ রিসার্চ ও লিগ্যাল এইড সেন্টারের সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমীন।
