২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক নিয়ে সতর্ক হতে হবে: তোফায়েল

ব্যাংক ও আর্থিক খাতের বিষয়ে সরকারের আরও সতর্ক হওয়ার উপর জোর দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 09:15 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলুর বক্তব্যের জের ধরে মন্ত্রী বলেন, “আমাদের উন্নয়নের সকল সূচক পজিটিভ। তবে, ব্যাংকের ব্যাপারে আমাদেরকে আরও যত্নশীল হতে হবে, আরও সতর্ক হতে হবে। কারণ ব্যাংকিং খাত আমাদের অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে।”

সরকারের মেয়াদের শেষ সময়ে এতে ব্যাংক খাতে অস্থিরতা দেখা দিয়েছে। অনেক ব্যাংকের অনিয়ম বেরিয়ে আসতে শুরু করেছে। ব্যাংকগুলোর খেলাপি ঋণও বাড়ছে।

জিয়াউদ্দিন বাবলু বলেন, অর্থমন্ত্রী স্বীকার করেছেন বেসিক, সোনালী, অগ্রণী ও জনতা এই চারটি ব্যাংক অত্যন্ত রুগ্ন। তাদের নিজস্ব মূলধন নেই।

“আগে শুনতাম ঋণ খেলাপি, এখন শুনছি ব্যাংক খেলাপি। ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। এর দায়দায়িত্ব কে নেবে? সামান্য ঋণ খেলাপীর জন্য কৃষক, রিক্সাচালক ও নিম্নবিত্তদের জেল খাটতে হচ্ছে, কিন্তু যারা ব্যাংককে খেলাপিতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

বেক্সিমকো গ্রুপকে ঋণ পরিশোধ করার জন্য ২০২৭ সাল পর্যন্ত নতুন করে সুবিধা দেওয়ার সমালোচনা করে বাবলু বলেন, “বেক্সিমকোর জন্য কি বিশেষ আইন? না হলে তারা কেন বিশেষ সুবিধা পাবে।”

ফারমার্স ব্যাংকের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, “ফারমার্স ব্যাংক জলবায়ু ফান্ডের ৫০৮ কোটি টাকা ফেরত দিতে পারছে না। তারা এফডিআরের টাকা দিতে পারছে না, নিয়মিত অ্যাকাউন্টের টাকা দিতে পারছে না। এর দায় কে নেবে—এর দায় সরকারকেই নিতে হবে।”

বাবলু তার বক্তব্যে অর্থমন্ত্রীকে সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দিয়ে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা ও ঋণ খেলাপিদের অবস্থা জানানোর দাবি করেন।

অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “আমাদের অর্থনীতিকে বাঁচান, শেয়ার বাজারকে বাঁচান, ব্যাংকিং খাতকে বাঁচান। দেশের মানুষ যাতে বাঁচিয়ে থাকতে পারে সেই ব্যবস্থা নিন। তা না হলে আমরা কোনদিনই মধ্যম আয়ের দেশে যেতে পারব না।”

Image
তোফায়েল আহমেদ (ফাইল ছবি)

তোফায়েল আহমেদ (ফাইল ছবি)

বাবলুর বক্তব্যের পর মন্ত্রী তোফায়েল আহমেদ দাঁড়িয়ে প্রথমেই বলেন, মন্ত্রিসভার সদস্য হিসেবে ‘সব কথা’ তিনি বলতে পারবেন না।

তিনি বলেন, “ব্যাংকিং খাত নিয়ে জিয়াউদ্দিন বাবলু যে প্রশ্নটি তুলেছেন, আমি নিজেও তার সঙ্গে একমত। তবে, সরকার নীরবে বসে নেই। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে, নেওয়া হবে।”

পুরনো খবর:

আগেরগুলো ধুঁকছে, আসছে আরও ৩টি ব্যাংক
খেলাপি ঋণ ‘উদ্বেগজনক পর্যায়ে’
মুহিতের ‘চিন্তা’ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে