২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলের বিশ্বেশ্বরকে আজীবন কারুশিল্পীর সম্মাননা

মৃৎশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এনসিসিবি আজীবন কারুশিল্পী সম্মাননা পেয়েছেন বাউফলের কারুশিল্পী বিশ্বেশ্বর পাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 04:53 PM

Updated : 08 Apr 2022, 05:46 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনে এক অনুষ্ঠানে ষাটোর্ধ্ব এই শিল্পীর হাতে একলাখ টাকার অনুদানসহ ক্রেস্ট ও সম্মানপত্র তুলে দেন প্রধান অতিথি বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

লুভা নাহিদ চৌধুরী বলেন, বংশানুক্রমিকভাবে শুধু পরিবার বা সম্প্রদায়ের মধ্যে নয়, কারুশিল্পকে বাইরেও ছড়িয়ে দিতে হবে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকে তবে বেঙ্গল ফাউন্ডেশন সাথে থাকবে।

নতুন প্রজন্মের কাছে এই শিল্পের গৌরব ছড়িয়ে দিতে বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেলোশিপের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সিমিন মাহমুদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের নয়টি শিল্পমাধ্যমে ১২ জন কারুশিল্পীকে ২০১৭ সালের আজীবন সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

“জুরি বোর্ডের মতামতে বিশ্বেশ্বর পালকে ২০১৭ সালের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।”

বাকি ১১ কারুশিল্পীকে নিজ নিজ মাধ্যমে অবদানের জন্য সনদ দেওয়া হয়। কারুশিল্পীরা হলেন- কাঠখোদাই শিল্পী আব্দুল আওয়াল মোল্লা, আনন্দ কুমার শর্মা ও সিলভেন্টার প্রশান্ত বারই, নকশীকাঁথা শিল্পী মোছাম্মাৎ কমলা বেগম, ঐতিহ্যগত খেলনা শিল্পী নাসরিন সুলতানা, পাটজাত পণ্য শিল্পী সুফিয়া আক্তার ও মায়া ভাওয়াল, জামদানি তাঁতশিল্পী আনোয়ার ইসলাম, কুরুশকাঁটার পণ্য শিল্পী দিপালী মজুমদার, ট্র‍্যাপেস্ট্রি শিল্পী হাবিবুর রহমান এবং পটচিত্র শিল্পী শম্ভু আচার্য।

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সমন্বয় করেন রুবী গজনবী।

এএফ মুজিবর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ প্রতিবছর এই পুরস্কার দেয়।