বিনামূল্যে ওয়াইফাই দিলে কম দামে ব্যান্ডউইডথ: মোস্তাফা জব্বার
হার্ডওয়্যার, সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি খাতের সেবা রপ্তানিতে ১০ শতাংশ নগদ অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে শিগগিরই সুখবর দিয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন।
মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সফটওয়্যার, হার্ডওয়্যার ও সার্ভিস রপ্তানিতে ১০ শতাংশ ক্যাশ ইনসেনটিভ দেওয়ার প্রক্রিয়া খুব দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশা করছেন।
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের যেসব প্রতিষ্ঠান প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে, ২০২৪ সাল পর্যন্ত সরকার তাদের কর মওকুফ দেয়ার চিন্তা-ভাবনা করছে।
আগামী বাজেটেই এই কর অবকাশ বিষয়ে ঘোষণা আসবে বলে আশা প্রকাশ করেন সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বেসিসের সাবেক এই সভাপতি।
পরে বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রপ্তানিতে নগদ প্রণোদনা ও হাই টেক পার্কে উৎপাদনে কর অবকাশ দেওয়ার বিষয়ে বলেন।
পলক বলেন, আমরা হার্ডওয়্যার আমদানিকারক দেশ হতে চাই না। আমরা হার্ডওয়্যার রপ্তানিকারক দেশও হতে চাই। এজন্য সব ধরনের সহযোগিতা করবে সরকার।
অন্যদিকে যেসব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ব্নিামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ দেবে, তারা যাতে কম দামে ব্যন্ডউইডথ পায় সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থা করা হবে বলে জানান টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, “আমরা ৬০০ টাকায় নয়, ভ্যাট ছাড়া সাবমেরিন কেবল কোম্পানি ২০৪ টাকায় প্রতি এমপিবিএস ব্যন্ডউইডথ দিয়ে থাকে। ফ্রি ওয়াইফাই দিতে এই পরিমাণ দামে বা আরও যদি কম দিতে হয় তাহলে দেব, কিন্তু ফ্রি ওয়াইফাই দেবেন।
“যারা ফ্রি ওয়াইফাই দেবেন তাদের প্রচলিত মূল্যের চেয়ে যাতে কম দামে ব্যান্ডউইডথ দেওয়া যায় সে ব্যবস্থা করা হবে।”
বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার বাড়ছে এবং এই সক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে আটকে থাকা ভ্যালু অ্যাডেড গাইডলাইন অনুমোদন খুব শিগগিরই হবে জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে ইন্টারনেটের কনটেন্ট তৈরির দরজা খুলে যাবে এবং লাখ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।
ই-গভর্নেন্সকেকে এম-গভর্নেন্সে পরিবর্তন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সেবা খাতের বিদ্যুৎ, পানি বা গ্যাসের বিল অনলাইনে সহজলভ্য করতে চাই, যাতে গ্রাহকরা ব্যাংকে বা অফিসে গিয়ে লাইনে না থাকে, এটি হবে স্মার্টফোন ও ইন্টারনেটভিত্তিক।”
দেশের স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের ডিভাইস পরখ করে দেখার সুযোগ দিতে তিনদিন সকাল ১০টা থেকে মেলা উম্মুক্ত থাকবে।
স্মার্টফোন ও ট্যাব নিয়ে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের এটি নবম আয়োজন।
