২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ‘ডেইরি উন্নয়ন ফোরামের’ যাত্রা

ডেইরি খাতের উন্নয়নে আট মাস আগে গঠিত ‘জাতীয় ডেইরি উন্নয়ন ফোরাম’ পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 01:44 AM

Updated : 19 Aug 2022, 01:21 PM

সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতিকে সভাপতি এবং ব্র্যাক ডেইরির পরিচালক মোহাম্মদ আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ফোরামের অন্যতম উদ্যোক্তা উন্নয়ন সংস্থা অক্সফাম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানায়।

অক্সফাম ইন বাংলাদেশের লাইভস্টক বিষয়ক কর্মকর্তা মো. মুতাসীম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুগ্ধ উৎপাদনকারী, বিপণন কোম্পানি ও ভোক্তাদের মধ্যে শৃঙ্খলা আনতে এবং এই খাতের সার্বিক উন্নয়নে ডিএফআইডির সহযোগিতায় অক্সফাম গত বছরের মে মাসে একটি ফোরাম গঠন করে। দীর্ঘ প্রচেষ্টার পর এই ফোরাম সব পক্ষের অংশগ্রহণে একটি কমিটি পেল।

ডেইরি খাতের উন্নয়নে সরকারি সংস্থা, কৃষক, বিপণন কোম্পানিসহ সব পক্ষের সঙ্গে এই ফোরাম ‘এডভোকেসি’ করবে বলেও জানান তিনি।

“বাংলাদেশে দুধের চাহিদার অর্ধেকটা উৎপাদন হয়। বাকিটা আসে বিদেশ থেকে। দুধ উৎপাদনকে গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিতে পারলে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি আমদানি নির্ভরতাও কমবে। গ্রামের নারীদের এর সঙ্গে যুক্ত করা গেলে তারা কাজের জন্য অন্যত্র গমনের প্রবণতা থেকে বেরিয়ে আসবে,” বলেন মুতাসিম।  

ফোরামে সাত সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. সেকেন্দার আলী, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন মোড়ল, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবু নাসের, বাংলাদেশ এসএমই করপোরেশন লিমিটেডের পরিচালক আজাদ চৌধুরী এবং বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নাথু রাম সরকার এই উপদেষ্টা কমিটিতে আছেন।

এছাড়া ১৩ সদস্যের কার্যনিবাহী কমিটির সহ-সভাপতি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক কাজী মো. ইমদাদুল হক। যুগ্ম সম্পাদক শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কেবিএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার খালিদ হোসেন, কোষাধ্যক্ষ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের গবেষণা পরামর্শক শেখ আলী আহমেদ টুটুল।

প্রাণ ডেইরির কর্মকর্তা মো. রাকিবুর রহমান, কেয়ার বাংলাদেশের  পরিচালক আনোয়ারুল হক, সিনিয়র ডেইরি কনসালটেন্ট জাহিদ হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের (সিসিএসি প্রকল্প) সহকারী প্রকল্প পরিচালক গোলাম রাব্বানী ও এসআর ডেইরি মো. মোসফিকুর রহমান দিপু এই কমিটির সদস্য।