গভর্নরকে ‘আতঙ্কের’ কথা জানালেন ব্যাংক নির্বাহীরা
বিভিন্ন বেসরকারি ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন নিয়ে আতঙ্কিত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা।
সৈয়দ মাহবুবুর রহমান
বৈঠক শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “সাম্প্রতিক সময়ে বেসরকারি কয়েকটি ব্যাংকে মালিকানা (পরিচালনা পর্ষদ) এবং ব্যবস্থাপনায় পরিবর্তন হচ্ছে। এতে ব্যাংকের শৃংখলা ভেঙে পড়ে, বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।”
তিনি বলেন, "পরিবর্তন হতেই পারে তবে তা যেন আকস্মিকভাবে না হয়, এতে আমরা ও বিনিয়োগকারীরা ভীত হই। যেই পরিবর্তনই আসুক সুন্দরভাবে হবে যাতে সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এবং বিনিয়োগকারীরা যাতে ব্যাংকের উপর আস্থা না হারায়।"
এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠার জন্যই এই পরিবর্তন হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, “ব্যাংকের শেয়ার হোল্ডার-ম্যানেজমেন্ট পরিবর্তন যদি অন্যায়ভাবে হয় তবেই না আতঙ্কিত হওয়ার প্রশ্ন থাকে। যেসব পরিবর্তন আসছে সুবিচার করেই করা হচ্ছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ‘ব্যাংকার্স মিটিং’ নামে পরিচিত এই বৈঠকে সরকারি, বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত ছিলেন।
বিগত বছরে ইসলামী ব্যাংক, এসআইবিএল, ফারমার্স ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালকসহ উপরের পদগুলোতে পরিবর্তন হয়।
এছাড়া মেয়াদ পূর্তির আগেই মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিবির সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে পদত্যাগে বাধ্য করা হয়।
