৩ বছরেই উঠে দাঁড়াবে বেসিক ব্যাংক, আশা এমডির
ঋণ কেলেঙ্কারির কারণে ধুকতে থাকা বেসিক ব্যাংকে তিন বছরের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনার আশা এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আউয়াল খানের।
তিনি বলেছেন, “নানা সমস্যায় জর্জরিত ব্যাংকটির উন্নতি হচ্ছে। ২০১৬ সালের মতো ২০১৭ সালেও মুনাফা করেছে। প্রশাসনিক খরচ এবং খেলাপি ঋণ কমেছে। তিন বছরের পরিকল্পনা করা হচ্ছে। যার মাধ্যমে ব্যাংকটির হারানো সুনাম ফিরিয়ে আনা হবে।”
দুই মাস আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির এমডির দায়িত্ব নেওয়া আউয়াল খান বছরের প্রথম দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
এক সময় লাভজনক থাকা বেসিক ব্যাংকে ২০০৯ সালে আবদুল হাই বাচ্চুকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকে লোকসানের দিকে যেতে থাকে।
চাপের মুখে থাকা বাচ্চু ২০১৪ সালে পদত্যাগ করেন। অভিযোগ রয়েছে, তার সময়কালে (২০০৯-১৪) প্রায় ৪ হাজার কোটি টাকা লোপাট হয় এই ব্যাংকটি থেকে।
খেলাপি ঋণের কারণে মূলধন ঘাটতিতে পড়া বেসিক ব্যাংককে ঘাটতি পূরণে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে সরকারকে।
পুনর্গঠনের প্রক্রিয়ায় গত ১ নভেম্বর বেসিক ব্যাংকের এমডি পদে যোগ দেন কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একই দায়িত্ব পালন করে আসা আউয়াল।
তিনি বলেন, টানা দুই বছর লোকসানের পর ২০১৬ সালে ৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল বেসিক ব্যাংক। ২০১৭ সালে সেই মুনাফা বেড়ে ৪৩ কোটি টাকা হয়েছে।
“মুনাফার এই বৃদ্ধি আমাদের আশান্বিত করেছে। আমরা তিন বছরের প্ল্যান করছি। যেটি শিগগিরই বোর্ডে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।”
এরপর তা অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সেই পরিকল্পনা ধরে কাজ করতে পারলে ব্যাংকটির হারোনো সুনাম ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন আউয়াল।
তিনি বলেন, “আমরা আশার আলো দেখতে পাচ্ছি। সবাই ভেবেছিল ব্যাংকটি শেষ হয়ে যাবে। প্রশাসনিক খরচ কমানো, নতুন ঋণ বিতরণ, খেলাপি ঋণ পুনঃতফসিলসহ নানা তৎপরতার মাধ্যমে ব্যাংকটি টানা দুই বছর পরিচালন মুনাফা করেছে।”
মুনাফার এই ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিচালন মুনাফা অবশ্য নিট বা প্রকৃত মুনাফা নয়। এ থেকে সরকারের ট্যাক্স পরিশোধ, প্রভিশন রেখে যেটা অবশিষ্ট থাকবে সেটাই নিট মুনাফা।
ব্যাংক কর্মকর্তারা জানান, ২০১৬ সালে বেসিক ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ৪৭৮ কোটি ২৮ লাখ টাকা। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৬ কোটি ৮৬ লাখ টাকা।
২০১৫ সালে ব্যাংকটির পরিচালন লোকসানের পরিমাণ ছিল ২৫৬ কোটি ৪২ লাখ টাকা। ২০১৪ সালে লোকসান ছিল ৯৮ কোটি ৩০ লাখ টাকা।
