এবারের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ওষুধ
ওষুধ শিল্পের উৎপাদিত পণ্যকে ২০১৮ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বছরের প্রথম দিন সোমবার ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে তিনি বলেছেন, “বিশ্ব বাজারে বাংলাদেশের ওষুধ শিল্পকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি ২০১৮ সালের জন্য কাঁচামালসহ ওষুধকে ‘প্রোডাক্ট অফ দি ইয়ার’ ঘোষণা করছি।
তৈরি পোশাক শিল্পের মত ওষুধেও বাংলাদেশ সম্মানের আসনে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
সত্তরের দশকে যেখানে দেশের চাহিদার ৭০ শতাংশ ওষুধ আমদানি করতে হত, সেখানে এখন নিজেদের চাহিদার ৯৮ শতাংশ মিটিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অষ্ট্রেলিয়াসহ ১৪০টি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে।
ওষুধ শিল্পের উন্নয়নে মুন্সীগঞ্জে কাঁচামাল উৎপাদন পার্ক স্থাপনের কাজ শুরু হওয়ার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
২০১৭ সালে চামড়া ও চামড়াজাত পণ্যকে ‘প্রোডাক্ট অফ দি ইয়ার’ ঘোষণা করার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের পর চামড়া ও চামড়াজাত পণ্যই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিদ্রব্য।
কাঁচা চামড়ার বদলে চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা পণ্যে যত বেশি মূল্য সংযোজন করতে পারব, তত বেশি লাভবান হব এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও রপ্তানিকারক এবং মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
