ডিপিডিসির প্রিপেইড মিটার রিচার্জ ব্যবস্থা গ্রামীণফোনে
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহকদের জন্য বিল-পে ও প্রিপেইড মিটার রিচার্জ সুবিধা চালু করেছে গ্রামীণফোন।
রোববার বিদ্যুৎ ভবনের ডিপিডিসি সভাকক্ষে এ বিষয়ে একটি চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ চুক্তির ফলে গ্রাহকরা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা তাদের ইলেক্ট্রনিক ওয়ালেটের মাধ্যমে সহজে সেবা নিতে পারবেন।
এছাড়া গ্রামীণফোনের নির্বাচিত আউটলেটলো গ্রাহকদের ভেন্ডিং সেবা দিতে ডিপিডিসি ডিস্ট্রিবিউশন পয়েন্টস হিসেবে কাজ করবে।
গ্রামীণফোনের হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রাশেদা সুলতানা এবং ডিপিডিসির যুগ্মসচিব ও কোম্পানি সচিব জয়ন্ত কুমার সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।
