২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কোষাগারে সাধারণ বীমার ৪০ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন তাদের লভ্যাংশের ৪০ কোটি টাকা সরকারের কাছে হস্তান্তর করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 07:00 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

সচিবালয়ে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “এখনও এটা ম্যাচুউর ইন্ডাস্ট্রি নয়। অনেকে বীমা পায় না, এটা বাড়ছে। ইউ হ্যাভ গুড ফিউচার ইন দিজ ইন্ডাস্ট্রি। সাধারণ ব্যবসা বাড়লে বীমাও বাড়বে।”

দেশে ব্যাংক ও জীবন বীমা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি উল্লেখ করে মুহিত বলেন, “তবে ভয়ের কোনো কারণ নেই, আমরা যে কোনো প্রতিষ্ঠানকেই বাঁচিয়ে রাখি।”

১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ বীমা করপোরেশন লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করছে জানিয়ে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানা হয়েছে, ১৯৮৪ সালের পর থেকে বেসরকারি বীমা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে সেবা দিয়ে ব্যবসা পরিচালনা করছে।

সাধারণ বীমা করপোরেশন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত পুনঃবীমা কোম্পানিগুলোর সঙ্গে বৃহৎ ঝুঁকির পুনঃবীমার ব্যবস্থা করে ব্যবসা পরিচালনা করছে বলে এতে বলা হয়।

করপোরেশন সীমিত পরিসরে বৈদেশিক বীমা কোম্পানি থেকেও পুনঃবীমা গ্রহণ করছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।