মাশরাফির ফাউন্ডেশনের পাশে প্রাণ ড্রিংকিং ওয়াটার
জন্মস্থান নড়াইলের মানুষের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছে বোতলজাত পানির ব্র্যান্ড প্রাণ ড্রিংকিং ওয়াটার।
গত রোববার প্রাণ বেভারেজ লিমিটেড ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে আর্থিক সহযোগিতা দেবে প্রাণ ড্রিংকিং ওয়াটার।
এছাড়া প্রাণ ড্রিংকিং ওয়াটারের বোতলে ফাউন্ডেশনের লোগো ব্যবহার করা হবে বলে প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা ও প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
অনুষ্ঠানে মাশরাফি বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে পুরো নড়াইল শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, পর্যটন, ক্রীড়া ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে বদলে যাবে, সেই স্বপ্ন দেখেন তিনি।
স্বপ্ন বাস্তবায়নে প্রাণ ড্রিংকিং ওয়াটার এগিয়ে আসায় এর সাথে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
আনিসুর রহমান বলেন, “মাশরাফি অনেক বড় হৃদয়ের মানুষ। তার এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনীক, প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।
