মুহিতের শিক্ষাবৃত্তি শুরু হয় ৩ টাকায়
ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রজীবনে নিজে পাওয়া শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের সময়ে বৃত্তির ওই টাকায় লেখাপড়ার পুরো খরচ চলত না, কিন্তু সে অবস্থা এখন আর নেই।
২০১৭ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক। রোববার মিরপুরে ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তিপত্র তুলে দেওয়া হয়।
ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তির এই টাকা দিয়েই একজন শিক্ষার্থীর পুরো খরচ চালানো সম্ভব মন্তব্য করে মুহিত বলেন, “আমাদের সময়ে খুব নির্দিষ্ট বৃত্তি ছিল। বৃত্তির টাকা তেমন ছিল না। বৃত্তির টাকা দিয়ে পুরো খরচ চলত না।”
১৬-১৭ বছরের শিক্ষা জীবনে আট বছর বৃত্তি পেয়েছিলেন জানিয়ে আবুল মাল মুহিত বলেন, “আমি মাসিক ৩ টাকা থেকে শুরু করে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা এবং সর্বশেষ ৪০ টাকা পর্যন্ত বৃত্তি পাই।”
এরপর ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম এবং ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন।
ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি প্রচলনের পর থেকে এ পর্যন্ত মোট ৫০ হাজার ৬৭৯ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ১৮৭ জনের বৃত্তি চলমান রয়েছে।
ডাচ-বাংলা ব্যাংকের এ বৃত্তি প্রদান কর্মসূচি এখন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “এখন ডাচ-বাংলা ব্যাংককে অন্য সবাই অনুসরণ করছে। সেই হিসেবে ডাচ-বাংলা ব্যাংক যথেষ্ট কৃতিত্বের অধিকারী।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার মনে করে সুশিক্ষা ছাড়া দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয়। সরকারের সেই লক্ষ্য পূরণে সহায়ক কাজ করছে ডাচ-বাংলা ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, একটি ব্যাংকের নিট মুনাফার ৫ থেকে ১০ শতাংশ সিএসআর খাতে ব্যয়ের নির্দেশনা থাকলেও ডাচ-বাংলা ব্যাংক প্রায় ৫০ শতাংশই ব্যয় করছে।
