২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে নতুন দুই নির্বাহী পরিচালক

দুই মহাব্যবস্থাপক লাইলা বিলকিস আরা ও শাহ আলমকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 06:36 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

২১ ডিসেম্বর তারা মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন বলে রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শাহ আলম আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শাহ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ভিজিলেন্স ডিভিশন (বর্তমানে এফআইসিএসডি), বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

নির্বাহী পরিচালক হিসেবে শাহ আলমকে বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে পদোন্নতির আগে লাইলা বিলকিস আরা রাজশাহীতে কর্মরত ছিলেন।

লাইলা বিলকিস আরা ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়েও দায়িত্ব পালন করেছেন।