২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে নতুন পেঁয়াজ, দাম কমেছে টমেটোরও

নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় কয়েক মাস ধরে চড়তে থাকা দেশীয় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে ভারতের বাজারে পেঁয়াজের দাম কমলেও দেশীয় পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা ওই দেশ থেকে আমদানি করা পেঁয়াজ এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 06:55 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

শুক্রবার ঢাকার মিরপুর, কারওয়ানবাজার ও মহাখালীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কারওয়ানবাজারে গিয়ে দেখা যায়, কাঁচাবাজারের পশ্চিম দিকে অবস্থিত পেঁয়াজের পাইকারি দোকানগুলোর কোনোটিতেই পুরোনো পেঁয়াজের মজুদ নেই। সব বিক্রেতাই নতুন মওসুমের দেশীয় পেঁয়াজের পসরা নিয়ে বসে আছেন। দেশীয় নতুন পেঁয়াজের দাম প্রতিকেজি ৭০ টাকা, আর ভারতীয় পেঁয়াজের দাম ৭৪ টাকা করে রাখছেন তারা।

কারওয়ানবাজারে পেঁয়াজের পাইকারি বিক্রেতা সোহরাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন-চার দিন ধরে তারা শুধু নতুন পেঁয়াজই বিক্রি করছেন। এসব পেঁয়াজের দাম প্রতিদিনই একটু একটু করে কমছে।

এই বাজারের আরেক পাইকার মোহাম্মদ আলী জানান, পেঁয়াজের বাজারে অস্থিরতার এই সময়ে বিক্রিও কমে গেছে। আগে প্রতিদিন যেখানে ১০ থেকে ১২ মণ পেঁয়াজ বিক্রি করতেন, সপ্তাহখানেক ধরে তা তিন থেকে চার মণে নেমে এসেছে।

ঢাকার মুদি দোকানগুলোতেও গত এক সপ্তাহ ধরে প্রতিকেজি ১৩০ টাকায় বিক্রি হওয়া দেশি পুরান পেঁয়াজ এদিন চোখে পড়েনি। প্রতি কেজি ৮০ টাকা দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মুদি দোকানগুলোতে। আর দেশি নতুন পেঁয়াজ রাখা হচ্ছে ৮৫-৯০ টাকা করে।

ফরিদপুরের কনাইপুর কাঁচামাল বাজরের ইজারাদার সেলিম মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বাজারে শুক্রবার নতুন পেঁয়াজের দাম ছিল প্রতিকেজি ৫০ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে। দাম প্রতিদিনই কমছে।

ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের আমদানিকারক আসাদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার প্রতিকেজি ৫৫ টাকা দরে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। গত মাসে ভারত সরকার প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য ৮৫০ ডলার নির্ধারণ করে দেওয়ার পর এসব পেঁয়াজ বাংলাদেশে আসতেই ৭৫ টাকা করে লাগছিল।

গত সপ্তাহখানেক ধরে প্রতিদিনই ভারতীয় পেঁয়াজের দাম কমছে জানিয়ে আসাদুল বলেন, “আগামীকাল শনিবার যে পেঁয়াজ ঢুকবে তার দাম হবে প্রতিকেজি ৫২/৫৩ টাকা।”

ঢাকার শ্যামবাজারে পেঁয়াজের আমদানিকারক হাজী মোহাম্মদ মাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শুক্রবার প্রতিকেজি ৫৮ টাকা দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন।

ভারতের এশিয়ান এজ প্রত্রিকার ১৮ ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার দেশটির পেঁয়াজের সবচেয়ে বড় রপ্তানি বাজার লাসালগাঁও এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিতে (এপিএমসি) প্রতিকেজি পেঁয়াজের গড় মূল্য ছিল ২৮ রুপি।

চলতি বছর জুলাইয়ের শেষভাগে হঠাৎ করে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০-২৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকার উপরে ওঠে। এরপর মাস দুয়েক স্থিতিশীল থেকে অক্টোবরের শুরুতে দাম আবারও বাড়তে শুরু করে, যা শেষ পর্যন্ত কেজিপ্রতি ১৩০ টাকায় গিয়ে উঠে।

শীত শুরুর পর ঢাকার বাজারে অধিকাংশ শাক সবজির দাম কমলেও গাজর, টমেটো ও কাঁচামরিচের দাম ছিল চড়া। তবে এদিন মিরপুর-২ নম্বর কাঁচাবাজারে প্রতিকেজি টমেটো ৫০ টাকা থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।

মো. ইউনুস নামের এক বিক্রেতা জানান, গত তিনদিন ধরেই টমেটোর দাম কমছে। এতদিন যেটা ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হত, এখন সেটা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের দামও কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা এতদিন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছিল।

এছাড়া শিম ৩০ টাকা, বেগুন ২৫ টাকা, পেঁয়াজের কালি ৩০ থেকে ৩৫ টাকায় প্রতিকেজি বিক্রি হয়েছে। ফুল কপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকার মধ্যে।

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর ও বেনাপোল প্রতিনিধি।