২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ

ভারতের আসামে একটি বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 09:34 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

বৃহস্পতিবার মতিঝিল ফেডারেশন ভবনে আসামের রাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের এক আলোচনা সভায় এই আমন্ত্রণ জানান আসামের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

সভায় দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বাধাগুলো দূর করার উদ্যোগ নিতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উষ্ণতায় যাত্রা শুরু করেছে। তাই প্রতিবেশী দেশ দুটি বাণিজ্য ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ গ্রহণে বাধাগুলো দূর করতে এগিয়ে আসতে পারে।

আসামসহ ভারতের উত্তরের প্রদেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাধা দূর করার আহ্বান জানান তিনি।

আসাম রাজ্য সরকারের পাঁচ সদস্যের প্রতিনিধিদলে অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা ছাড়াও গণপূর্তমন্ত্রী পরিমল শুকলা বৈদ্যও উপস্থিত ছিলেন। বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ‘নন-ট্যারিফ মেজার্স’ এবং ‘নন-টারিফ ব্যারিয়ার্সগুলো’ দূর করার এখনই সময়।

আসামের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বাধা দূর করতে আসাম রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে তারা পদক্ষেপ নেবেন।

আসামে বাংলাদেশি ব্যবাসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

আসামের অর্থমন্ত্রী বলেন, আগামী ৩-৪ ফেব্রুয়ারি ২০১৮ গুয়াহাটিতে আসাম রাজ্য সরকারের উদ্যোগে ‘গ্লোবাল ইনভেস্টর্স সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের বিনিয়োগকারীরা এই সামিটে অংশ নিতে পারেন।

বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে আসাম প্রতিনিধিদলকে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

সভায় এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, আসামের গণপূর্তমন্ত্রী পরিমল শুকলা বৈদ্য, এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং সাবেক সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ বক্তব্য রাখেন।