২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্পন্সর হুয়াওয়ে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শুরু হওয়া নেটওয়ার্ক, সিস্টেমস ও সিকিউরিটি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের প্ল্যাটিনাম স্পন্সর হয়েছে টেকনোলজি জায়ান্ট হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 07:23 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

মঙ্গলবার হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৮-২০ ডিসেম্বর এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের চতুর্থ আসরে গবেষক, অনুশীলনকারী, ডেভলপার, বিশেষজ্ঞ, ব্যবহারকারী এবং সরকারি অংশীদারদের মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন ধারণা মতবিনিময়ে একটি ফোরাম গঠন করা হয়।

এছাড়াও সম্মেলনে কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্ক সিস্টেমস ও সিকিউরিটি নিয়ে সাম্প্রতিক প্রযুক্তির আলোচিত বিষয়গুলোর তাত্ত্বিক ও ব্যবহারিক দিক উপস্থাপন করা হয়।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার কলিন শি বলেন, “এ ধরনের বড় আয়োজনে সারা বিশ্বের প্রতিনিধিদের মধ্যে ধারণার যে বিনিময় ঘটে তা এ শিল্পখাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। প্রযুক্তিগত বিপ্লবের অগ্রগণ্য পদচারী হিসেবে হুয়াওয়ে এ ধরনের আয়োজনে সবসময় যুক্ত হতে ইচ্ছুক।”

সম্মেলনে একটি প্যানেল আলোচনায় বিভিন্ন দেশ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও উচ্চপদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সম্মেলনে নেটওয়ার্ক বিহেভিয়ার মডেলিংয়ের ওপর অধিবেশন, টিউটোরিয়াল এবং তথ্যপ্রযুক্তির উপর কারিগরি অধিবেশন হয়। এছাড়া সম্মেলনে একাধিক নিবন্ধ উপস্থাপন করা হয়।