২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলালিংক ইনোভেটরস’ চ্যাম্পিয়ন কোয়াশার

প্রযুক্তি ভিত্তিক ব্যবসা পরিকল্পনার প্রতিযোগিতা ‘বাংলালিংক ইনোভেটরস’ চ্যাম্পিয়ন হল ‘কোয়াশার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 05:52 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

এছাড়া প্রথম রানার আপ ‌‘টিম মেইহাম’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘লুমিনাস পয়েন্ট’। প্রথম পাঁচে রয়েছে ‘দ্যা মিলিনিয়াম’ এবং ‘কেওকারাডং’।

সোমবার হোটেল র‍্যাডিসনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ও প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করে আয়োজক ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে গত ১৫ নভেম্বর এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রায় ছয় হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন করে এবং পরবর্তীতে প্রায় আড়াই হাজার তরুণ-তরুণী বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, ক্লাউড কমপিউটিং ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল পরিকল্পনা জমা দেয়।

গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপ, প্রেজেন্টেশন ও অন্যান্য আরও কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বাছাই করা প্রতিযোগীদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে ‘বাংলালিংক ইনোভেটর’।

পুরস্কার হিসাবে বিজয়ী দলের প্রত্যেক সদস্য পান একটি করে ম্যাকবুক এয়ার, প্রথম রানার-আপ দলের প্রত্যেক সদস্য পান একটি করে ল্যাপটপ এবং দ্বিতীয় রানার-আপ দলের প্রত্যেক সদস্য পান একটি করে স্মার্টওয়াচ।

প্রথম পাঁচটি দলের প্রত্যেক সদস্য পাচ্ছেন বাংলালিংকে ইন্টার্নশিপের সুযোগ। এছাড়া বিজয়ী দল, প্রথম রানার-আপ দল এবং দ্বিতীয় রানার-আপ দল পাচ্ছে বাংলালিংকের ‌‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম’ এর অ্যাসেসমেন্ট সেন্টারে সরাসরি যোগদানের সুযোগ।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “আমি নিশ্চিত আমাদের দেশের এই উদ্যমী তরুণরাই পারবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে, তারাই দেবে আগামীর নেতৃত্ব। এই ধরনের প্রতিযোগিতা তাদের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে।”

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক ভবিষ্যতেও এ ধরনের অভিনব প্রতিযোগিতার আয়োজন করবে। আমি বিশ্বাস করি এই তরুণরা দেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

সর্বমোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলালিংক ইনোভেটরস’ এর রোডশো এবং ক্যাম্পাস ব্রান্ডিং অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ২৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছয় হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।