উদ্যোক্তা-স্টার্টআপের ক্ষমতায়নে গ্রামীণফোনের ফান্ডস্টার্টার
বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি নির্ভর র্স্টার্টআপদের পরিচয় করিয়ে দিতে ‘ফান্ডস্টার্টার’ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছে গ্রামীণফোনের হোয়াইটবোর্ড।
রোববার জিপিহাউজে ‘ফান্ডস্টার্টার’ অনুষ্ঠানে দেড়শর বেশি বিনিয়োগকারীর সামনে নিজেদের ব্যবসা উপস্থাপন করার সুযোগ পায় মোবাইল অ্যাপ ও মোবাইল গেমস নিয়ে কাজ করা আটটি স্টার্টআপ।
প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের উপস্থিততে অনুষ্ঠানে ‘ফান্ডস্টার্টার’ উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান।
তিনি বলেন, ‘কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা স্টার্টআপগুলোকে বিনিয়োগকারীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষমতায়ন হলো আমাদের এই উদ্যোগের লক্ষ্য। আমরা এ আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত।’
‘ফান্ডস্টার্টার’ উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে প্রত্যাশার কথা জানান গ্রামীণফোনের এই কর্মকর্তা।
সোমবার অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফান্ডস্টার্টার’ এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিনিয়োগকারী ও স্টার্টআপগুলো (অ্যাপ, গেম ও ওয়েব) একসাথে ডিজিটাল ইকোসিস্টেমে বেড়ে ওঠার সুযোগ পাবে।
এতে জানানো হয়, ফান্ডস্টার্টারে ‘ধারণা’ (আইডিয়া) উপস্থাপনের জন্য গত ৬ ডিসেম্বর একশর বেশি স্টার্টআপের আবেদন যাচাই করে দেখা হয়।
আবেদনকারীদের মধ্য থেকে আটটি স্টার্টআপকে চূড়ান্ত পর্যায়ে ধারণা উপস্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত স্টার্টআপগুলোকে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা করার ক্ষেত্রে প্রস্তুত করে তুলতে একটি বুট ক্যাম্পও অনুষ্ঠিত হয়।
এরপর ‘ফান্ডস্টার্টার’ এর প্রথম আয়োজনে স্টার্টআপ প্রতিষ্ঠান মাইন্ডফিশার গেমস, দূরবীন একাডেমি, মেঘদূত, খাসফুড, ট্রাক লাগবে, রেপ্টো, ব্যাংককম্পেয়ারবিডি এবং ডকটোরোলা বিনিয়োগকারীদের সামনে তাদের ধারণা উপস্থাপনের সুযোগ পায়।
ধারণা উপস্থাপন অনুষ্ঠানের পর একটি নেটওয়ার্কিং সেশনও অনুষ্ঠিত হয়, যেখানে বিনিয়োগকারীরা স্টার্টআপগুলোর স্টল থেকে তাদের সম্পর্কে বিস্তারিত জানেন এবং ভবিষ্যৎ সম্পৃক্ততার জন্য নিজেরা পরিচিত হয়ে নেন।
এদিন বিনিয়োগকারী হিসেবে বিভিন্ন ব্যাংক, এফএমসিজি এবং আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টার্টআপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে তাদের উদ্যোগে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “ডিজিটালাইজেশন সমাজে একটি সমতা আনয়নকারী এবং গ্রামীণফোন এই ক্ষেত্রে একটি পথিকৃত। আমাদের সরকার অর্থনীতিতে ডিজিটালাইজেশনের ভূমিকার গুরুত্ব বোঝে; গ্রামীণফোনও তার মতো অন্যান্য প্রতিষ্ঠানের উন্নতি চায়, কারণ এদের উন্নতি মানে দেশের উন্নতি।”
ডিজিটাল ট্রান্সফরমেশনে স্টার্টআপদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন গ্রামীণফোন সিই্ও মাইকেল ফোলি।
তিনি বলেন, “ডিজিটাল বিপ্লব, টেলিযোগাযোগ খাতের জন্য অস্তিত্বের চ্যালেঞ্জ; এবং আমরা ডিজিটাল বিশ্বে প্রাসঙ্গিক থাকতে একটি ইকোসিস্টেম গড়ে তুলতে এসব উদ্যোক্তার দিকে তাকিয়ে আছি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে গ্রামীণফোনের হেড অব ট্রান্সফরমেশন কাজী মাহবুব, প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল সোলায়মান আলম এবং তথ্যপ্রযুক্তি বিভাগের স্টার্টআপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার টিনা জাবিন উপস্থিতদের ছিলেন।
