দেশে তৈরি প্রথম স্মার্টফোন ওয়ালটন ‘প্রিমো ই৮আই’ বাজারে
বাজারে এসেছে বাংলাদেশে তৈরি প্রথম স্মার্টফোন ‘প্রিমো ই৮আই’, যার মাধ্যমে দেশীয় প্রযুক্তি পণ্যের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা হল বলছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
রোববার গাজীপুর সদরের একটি কমিউনিটি সেন্টারে ওয়ালটনের গাজীপুর জেলার রিটেইলারস এবং ঢাকা জোনের ডিস্ট্রিবিউটরদের নিয়ে স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, ‘প্রিমো ই৮আই’ স্মার্টফোনের মোড়ক উন্মোচন করেন ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান। এর মধ্য দিয়ে মোবাইল ফোন উৎপাদক হিসেবে বাংলাদেশের নাম যুক্ত হলো।
আসিফুর রহমান খান বলেন, বাংলাদেশে তৈরি প্রথম স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে সাথে সাথে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে।
এছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতাকে বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, রোববার থেকে দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ফোন ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে মিলবে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ‘প্রিমো ই৮আই’ স্মার্টফোনটি, যার মূল্য ধরা হয়েছে মাত্র ৩ হাজার ৫০০ টাকা।
স্মার্টফোনটির পর্দা ৪ দশমিক ৫ ইঞ্চির। এতে ব্যবহার করা হয়েছে এক দশমিক ২ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম। গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে মালি-৪০০। এর অভ্যন্তরীণ মেমোরি ৮ গিগাবাইটের, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
প্রিমো ‘ই৮আই’ স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। যাতে ধারণ করা যাবে এইচডি মানের ভিডিও।
ফোনটি কালো, সোনালি এবং কফি রঙে বাজারে ছাড়া হয়েছে। থ্রিজি সমর্থিত ফোনটিতে একসঙ্গে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে।
ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশনের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান জানান, মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের পক্ষ থেকে গ্রামীণফোন গ্রাহকরা প্রিমো ই৮আই স্মার্টফোনে বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা প্রিমো ই৮আই ক্রয়ে পাবেন ১ জিবি ডাটা প্যাক। সাথে ৩১ টাকা রিচার্জে ১০০ মিনিট জিপি-জিপি টকটাইম এবং পর পর ৩ মাস পাবেন ১ জিবি ফেইসবুক প্যাক।
মোড়ক উন্মোচনের সময় অন্যদের মধ্যে ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর মাহবুব মিল্টন এবং রিজিওনাল সেলস ম্যানেজার ইকরামুজ্জামান খান উপস্থিত ছিলেন।
