‘পাইরেসি বাড়ছে মেধাস্বত্ব আইন নিয়ে অজ্ঞতায়’
মেধাস্বত্ব নিয়ে ভুক্তভোগীরা আইন সম্পর্কে এখনো অজ্ঞ থেকে যাওয়ায় প্যাটেন্ট ডিজাইন, ট্রেডমার্ক ও নন-ইন্ডাস্ট্রিয়াল খাতে পাইরেসি বাড়ছে বলে অভিযোগ এসেছে মেধাস্বত্ব বিষয়ক একটি সভা থেকে।
ঢাকায় তথ্যপ্রযুক্তি বিষয়ক উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যায় ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন ডিজিটাল বাংলাদেশ’ সেমিনারে মেধাস্বত্ব রক্ষার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এ নিয়ে কাজ করা দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ও আইনজীবী হামিদুল মিজবাহ্।
হামিদুল মিজবাহ্ শুরুতে প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে বলেন, ১৯১১ সালে প্রণীত প্যাটেন্ট ডিজাইন ও অ্যাক্ট আইন, ২০০৯ সালে প্রণীত ট্রেডমার্ক আইন ও পরে ২০১৩ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইনগুলো সংশোধনের অভাবে তাতে ‘ফাকফোকড়’ থেকে যাচ্ছে।
তিনি বলেন, “ভুক্তভোগীরা যখন অভিযোগ করতে আসেন, তারা কিন্তু আইনটি না জেনেই মামলা করতে আসেন। তাদের এই অজ্ঞতার কারণে পাইরেসি বাড়ছে। আমরা এখন ফোর্থ ফেইজের ইন্ড্রাস্ট্রিয়াল রেভ্যুলিউশনের কথা বলছি, তখন এই অজ্ঞতা চলতে থাকলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বড় ধাক্কা খাবে।”
তবে পুরনো আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মিসবাহ্ বলেন, “এই আইনগুলো শুধু আপডেট করলেই হবে না। প্রতিটি নাগরিকের এই আইনগুলো সম্পর্কে ধারণা থাকা উচিৎ।”
সংশ্লিষ্টদের নিয়ে আইপি ফোরাম এখন নাগরিকদেরকে মেধাস্বত্ব আইন সম্পর্কে ধারণা দেওয়ার কাজে মনযোগ দিয়েছে বলে জানান এই আইনজীবী।
সংশ্লিষ্টদের নিয়ে আইপি ফোরাম এখন সেই কাজে মনযোগ দিয়েছে বলে জানান এই আইনজীবী।
আলোচনায় তিনি জানান, গ্লোবাল ইনোভেশন ইনডেক্স-২০১৬ অনুযায়ী, ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১৭তম। প্যাটার্ন অ্যাপ্লিকেশনে বটম-টুতে অবস্থান করছে। ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনে বাংলাদেশের অবস্থান ক্রমেই উপরে উঠে এখন বটম-ফোরে অবস্থান করছে। ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইস্যুতে বাংলাদেশের অবস্থান ১২৬তম, স্কোর-২২৬২।
প্রতি বছর পাঁচ হাজারেরও বেশি শাখায় ৪০ হাজার শিল্পপণ্যের নিবন্ধন হচ্ছে বলে জানান মিজবাহ।
নন-ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে (শিল্পকর্ম, সাহিত্য, সংগীত) মেধাস্বত্ব ইস্যু নিয়ে কাজ করতে কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন (সিএমও) গঠিত হলেও তা অকার্যকর থাকায় ক্ষোভ আসে এই সভা থেকে।
কপিরাইট নিবন্ধন করতে কপিরাইট বোর্ড ই-কপিরাইট সেবা চালু করলেও তা এখনো সেভাবে কার্যকর হচ্ছে না বলে জানান বাংলাদেশি বক্তারা।
ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস (আইপিআর) পলিসি বাস্তবায়নের পথে নতুন প্যাটেন্ট আইন, ডেটা সংরক্ষণ করতে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরকে আরো শক্তিশালী করার পরামর্শ দেন সবাই।
বাংলাদেশে বাণিজ্যিক বিকাশের পথে মেধাস্বত্ব ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের (ইউএসপিটিও) হেড অফ আইপিআর শিল্পী ঝা।
তিনি বলেন, “শিল্প বিকাশের পাশাপাশি অনেক তরুণ কিন্তু প্রযুক্তি দুনিয়ায় ব্যবসা প্রসার করতে শুরু করে দিয়েছে। বাণিজ্যিক উন্নয়নের কথা শুধু মুখে মুখে বললে হবে না, বাংলাদেশকে এখন আইপিআর ইস্যুতে আরো কাজ করতে হবে।”
নন-ব্র্যান্ডের পণ্য ব্যবহারের মাধ্যমে সাধারণ ক্রেতারা অজান্তেই পাইরেটারদের ‘উপকার’ করছে বলে মন্তব্য করেন তিনি।
“আমরা এভাবে মনের অজান্তে টাকাগুলো চোরদের পকেটেই ঢুকিয়ে দিচ্ছি। ব্র্যান্ডগুলো এভাবে হারিয়ে যেতে থাকে।”
আইপিআর আইন বাস্তবায়ন ও মনিটরিংয়ের পথে বিচার বিভাগের মধ্যেও সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান শিল্পী ঝা।
ইউএসপিটিও-র রিজিওনাল আইপি ইন্টারফারেন্স কো অর্ডিনেটর ইভান সি উইলিয়ামস আইনে শাস্তির বিধিমালা নিয়ে আলোচনা করেন।
বেসিস সভাপতি মোস্তফা জব্বারের সভাপতিত্বে সেমিনারের আলোচনায় অন্যদের মধ্যে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার সানোয়ার হোসেন, কপিরাইট বোর্ডের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী এবং ইউএসপিটিও এর ঊর্ধ্বতন কর্মকর্তা লং ইভারসেন অংশ নেন।
