আইটি খাতের রপ্তানি লক্ষ্য পূরণে দক্ষ জনশক্তি তৈরিতে জোর
তথ্যপ্রযুক্তি খাতে ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ করতে বর্তমানের প্রথাগত আইটি ব্যবসা থেকে বের হয়ে ভবিষ্যতের প্রযুক্তির দিকে গুরুত্বারোপ করা হয়েছে এক প্যানেল আলোচনায়।
নতুন প্রযুক্তি নির্ভর ব্যবসার জন্য দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে না পারলে এ লক্ষ্যপূরণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেছেন বক্তারা।
শুক্রবার ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিনে ‘ফাইভ বিলিয়ন এক্সপোর্ট ’ সেশনে এ কথা বলেন তারা।
সেশন আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার বলেন, “আমাদের কাঁচামাল মানব সম্পদ। এই ইন্ডাস্ট্রির পক্ষে বলছি, আমরা প্রয়োজনীয় মানুষ পাই না।”
প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “যে শিক্ষা ব্যবস্থা চলছে, তা আমরা বদলাতে পারিনি। অবস্থা আরো জটিল হয়েছে, সিলেবাস বদলাতে গেলে ইউজিসি থেকে তিন বছর সময় লাগে, তিন বছরে বিশ্ব কোথায় যায়। মানুষ না পেলে পাঁচ বিলিয়ন বলেন আর ১০ বিলিয়ন, কোনো লাভ হবে না।”
বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু ইংরেজি নয়, বাংলাও ভালভাবে শেখানো হয় না মন্তব্য করে বেসিস সভাপতি বলেন, “ইংরেজি না জানলে ব্যবসা হবে না- তা ঠিক না। ইংরেজি জানে না… যেমন জাপানে ব্যবসা প্রসার হচ্ছে। কমিউনিকেশন স্কিলের সমস্যা রয়েছে। আমাকে কাঁচামাল দেন, পাঁচ থেকে ৫০ বিরিয়ন ডলার দিতে পারব।”
তথ্য প্রযুক্তিখাতে শুধুমাত্র রপ্তানি নয়, দেশীয় বাজারে প্রবেশের সুযোগ অবারিত করার কথা জানিয়ে বেসিস সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হত না, যদি দেশীয় কোনো প্রতিষ্ঠান তাদের কাজ করত।
“সরকারের কেনাকাটায় হার্ডওয়্যার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের উল্লেখ করা হয়, কর্মকর্তাদের বিদেশ সফরে যেতে এটি করা হয়। দেশীয় বাজার অন্যর দখলে থাকবে, আর আমরা রপ্তানি রপ্তানি করে ঘুরে বেড়াব?”
সফটওয়্যার কোম্পানিগুলোকে ব্যাংক ঋণ দেওয়া এবং এ খাতে সরকারের বিনিয়োগ করা উচিত মন্তব্য করে তিনি বলেন, “সফটওয়্যার ফার্ম ঋণ চাইলে ব্যাংকে জমি বন্ধক করতে হয়, ব্যাংক ঋণ পায় না এসব কোম্পানি। যদি সরকারের প্রধান তথ্যপ্রযুক্তি বান্ধব হন, তাহলে তাদের নীচে যারা থাকেন তারাও তথ্যপ্রযুক্তি বান্ধব হন।”
২০২১ সালে ৫ বিলিয়ন ডলার রপ্তানি হলেও তা খাতাকলমে দেখানো সম্ভব হবে না বলে শঙ্কা রয়েছে মোস্তফা জব্বারের।
তিনি বলেন, “ব্যাংকিং চ্যানেলে জটিলতার জন্য বেশিরভাগ টাকা হুন্ডির মাধ্যমে আসে। এসব সমস্যা দূর করতে না পারলে ৫ বিলিয়ন ডলার আয় হলেও হয়ত বাংলাদেশ ব্যাংক দেখাবে মাত্র ৫০০ মিলিয়ন ডলার হয়েছে।”
রপ্তানি আয়ের লক্ষ্য পূরণে বর্তমানের প্রথাগত আইটি ব্যবসা থেকে বের হয়ে ভবিষ্যতের প্রযুক্তির দিকে যাওয়ার কথা বলেন বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান।
তিনি বলেন, “জাপান, কম্বোডিয়া, আফগানিস্তানসহ নতুন নতুন দেশে তথ্যপ্রযুক্তির নতুন নতুন বাজার তৈরি হচ্ছে ঠিকই, তবে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার লক্ষমাত্রা বর্তমান ট্রাডিশনাল ব্যবসা দিয়ে হবে না।
“আমাদের ইন্টারনেট অব থিংকস, রোবোটিক্স, আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স, ডেটা অ্যানালিটিকস ইত্যাদি বিষয়ে কাজ করতে হবে। এগুলো নিয়ে আমাদের স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে। এ জায়গাগুলোতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।”
সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ড্রিম ৭১’ এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কবির বলেন, দক্ষ জনশক্তি অভাব রয়েছে। ইন্টারনেট অব থিংস, সাইবার সিকিউরিটির আগামীর প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি না করলে পাঁচ বছর পর পিছিয়ে যেতে হবে। সফটওয়্যার মার্কেটিং এ দক্ষ জনশক্তির অভাব রয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. রোকনুজ্জামান মূল প্রবন্ধে বলেন, অটোমেশনের কারণে ভবিষ্যতে অনেকের চাকরি হারানোর সম্ভবনা রয়েছে। তথ্য প্রযুক্তিতে এদেশে বিশাল সম্ভাবনা রয়েছে। হার্ডওয়্যার নির্মাণ শিল্প, ডেটা অ্যানালাইটিক নির্ভর বিসনেস প্রসেস আউট সোসিং, আইটি এনাবেল কলসেন্টার, ফ্রি-ল্যান্সিং ইত্যাদি ক্ষেত্রে অনেক সম্ভবনা রয়েছে।
তথ্য প্রযুক্তি খাতে সরকালের রপ্তানি লক্ষ্য পূরণে হাইটেক পার্ক ইকোসিস্টেম, নীতি সংস্কার, আমদানি কর সহজকরা, শ্রমশক্তি থেকে জ্ঞান নির্ভর অর্থনীতিতে গুরুত্বারোপ করেন ড. রোকনুজ্জামান।
সেশনে মালদ্বীপের ডেপুটি মিনিস্টার ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল তারেক আলী লুতফি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বক্তব্য রাখেন।
