২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শুরু হচ্ছে ক্লিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও করপোরেট প্রতিষ্ঠানের ৪০টিরও বেশি দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘ক্লিক র‌্যাকেট র‌্যাকেজ’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 07:52 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, শনিবার রাজধানীর বনানী মাঠে সাত দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপিইডেভের আয়োজনে এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হয়েছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যের ব্র্যান্ড ‘ক্লিক’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় এ আয়োজনে সহযোগিতায় রয়েছে প্রাণ ইউএইচটি মিল্ক ও দুরন্ত বাইসাইকেল।  

ক্লিক এর ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন আল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “আমরা পেশাদার খেলোয়াড়দের নিয়ে বড় ধরনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে দেখি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এ ধরনের আয়োজন তেমন একটা হয় না। এই টুর্নামেন্ট যেন উৎসবে রূপ নেয় সেজন্য আমরা ব্যাডমিন্টন খেলার পাশাপাশি বিভিন্ন আয়োজন রেখেছি।”

প্রাণ ডেইরির জেনারেল ম্যানেজার (অপারেশন) রাজীব ইবনে ইসলাম, দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল হাসান, এক্সপিইডেভের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ এবং বাংলাদেশে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য তারেক মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।