ডলারের দরবৃদ্ধির সুফল রপ্তানি আয়ে
রপ্তানি বাণিজ্যে ইতিবাচক ধারা অব্যাহত রেখে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের একহাজার ৪৫৬ কোটি ২৯ লাখ ডলার আয় হয়েছে।
এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৮৬ শতাংশ বেশি ও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ শতাংশ বেশি।
টাকার বিপরীতে ডলারের দরবৃদ্ধি ও তৈরি পোশাক শিল্প মালিকদের নানা পদক্ষেপে ক্রেতাদের আস্থা জোরদার হওয়ায় রপ্তানি আয় প্রবৃদ্ধিতে রয়েছে বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষক ও রপ্তানিকারকরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত একবছরে টাকার বিপরীতে ডলারে দর বেড়েছে সাড়ে ৪ শতাংশ। দুই মাসে বেড়েছে ২ শতাংশের মতো।
সেপ্টেম্বর মাসে বড় ধসের পর অক্টোবর ও নভেম্বর মাসে আবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি আয়।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সহ-সভাপতি ফারুক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের মাসে বড় ধসের পর অক্টোবরে আবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি আয়।
গত মাসে পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২৮৪ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে, যা গত বছরের একই মাসের চেয়ে ৬ দশমিক ৪২ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি।
বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-নভেম্বর) বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ এক হাজার ৪৫৬ কোটি ২৯ লাখ (১৪.৫৬ বিলিয়ন) ডলার আয় করেছে।
এ সময়ে লক্ষ্যমাত্রা ধরা ছিল এক হাজার ৪৪৫ কোটি ৯০ লাখ ডলার।
গত ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে এক হাজার ৩৬২ কোটি ৮৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
এ হিসাবে এই পাঁচ মাসে আয় বেড়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে দশমিক ৭২ শতাংশ।
সর্বশেষ নভেম্বর মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৫ কোটি ৭১ লাখ ডলার, যা গত বছরের নভেম্বর মাসের চেয়ে ৬ দশমিক ২২ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় ২৯ শতাংশ। অগাস্টে রপ্তানি বাড়ে ১০ দশমিক ৭১ শতাংশ। এই দুই মাসে (জুলাই-অগাস্ট) রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয় প্রায় ১৪ শতাংশ; লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছিল ৮ শতাংশের মতো।
সেপ্টেম্বর শেষে সেই প্রবৃদ্ধি ৭ শতাংশে নেমে আসে, লক্ষ্যমাত্রাও হোঁচট খায়।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সহ-সভাপতি ফারুক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তা, ডিজিটালাইজেশনসহ পোশাক কারখানাগুলোর পরিবেশ উন্নয়নে আমরা নানা পদক্ষেপ নিয়েছি; প্রচুর ইনভেস্ট করেছি। এতে বায়ারদের আস্থা বেড়েছে। তারই ফল পাওয়া যাচ্ছে এখন।
“কোরবানির ঈদে আট-দশ দিন অনেকগুলো পোশাক কারখানা বন্ধ থাকায় সেপ্টেম্বরে রপ্তানি কমেছিল। এছাড়া অন্য মাসগুলোতে রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।”
এছাড়া সাম্প্রতিক সময়ে ডলারের দর বৃদ্ধি রপ্তানি আয় বাড়াতে সহায়তা করেছে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা।
ফাইল ছবি
“অনেক আগেই এটা হওয়া উচিত ছিল। তাহলে আমাদের রপ্তানি আয় আরও বাড়ত।”
২০১৭-১৮ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে একহাজার ১১৩ কোটি ১৩৪ লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৪৬ শতাংশ বেশি।
এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ৬২৪ কোটি ৪৩ লাখ ডলার এবং ওভেন পোশাক রপ্তানিতে ৫৭১ কোটি ৭৯ লাখ ডলার আয় হয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই-নভেম্বর সময়ে মোট রপ্তানি আয়ের মধ্যে ৮২ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ দশমিক ৮৭ শতাংশ।
এই পাঁচ মাসে নিট খাতে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ। আর ওভেনে বেড়েছে ৪ শতাংশ।
অন্যান্য খাতের মধ্যে এই পাঁচ মাসে হিমায়িত চিংড়ি রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ। কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ২০ দশমিক ২২ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৭৩ শতাংশ।
পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ।
২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৭৫০ কোটি (৩৭ দশমিক ৫ বিলিয়ন) ডলার।
২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে তিন হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ (৩৪ দশমিক ৬৫ বিলিয়ন) ডলার আয় করে, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ বেশি।
