ব্যাংক-ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে চান গভর্নর
ব্যাংকসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেশের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
রোববার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) রাজদর্শন হলে প্রাইম ব্যাংক আয়োজিত ‘শিক্ষা সহায়তা কর্মসূচি ২০১৭’ শীর্ষক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “দেশের উন্নয়নের বাহন হল শিক্ষা। সরকারের পক্ষে দেশের ১৬ কোটি মানুষের শিক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমি দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানকে এদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
শহরের তুলনায় দেশের প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মন্তব্য করে গভর্নর বলেন, “দেশে শহর ও গ্রামের মধ্যে শিক্ষার গুণগত ব্যবধান অনেক বেড়ে গেছে। বোর্ড পরীক্ষায় ঢাকার নামি স্কুল থেকে যে পরিমাণ শিক্ষার্থী জিপিএ ৫ পায়, দেখা যাবে একটি জেলার সব স্কুল মিলিয়েও তার সমান হয় না। প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের সহায়তা করার মধ্য দিয়ে এই গুণগত ব্যবধান আমাদের দূর করতে হবে।”
শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২০০৭ সাল থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের দীর্ঘমেয়াদী এবং নবায়নযোগ্য শিক্ষাবৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শিক্ষার্থীদের বৃত্তির টাকার প্রথম কিস্তির পাশাপাশি শিক্ষাবৃত্তির টাকায় উচ্চ শিক্ষা অর্জন করে কর্মজীবনে সফল হয়েছেন এমন ১৫ জনের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।
ব্যাংক থেকে জানানো হয়, শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় এ পর্যন্ত তিন হাজার ১৪৫ জন বৃত্তি পেয়েছেন, যাদের মধ্যে ১২৭৭ জন উচ্চ শিক্ষা শেষ করেছেন এবং ছয় শতাধিক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকবাল আনোয়ার জানান, এ বছর দেশের ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪০ জন শিক্ষার্থীকে এই বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। প্রতি মাসে দুই হাজার ৪০০ টাকা করে পাবেন শিক্ষার্থীরা, যা তাদের শিক্ষা জীবন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে ১৮৪ জন চিকিৎসক, ৯৩ জন প্রকৌশলী, ৩০ জন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী বিশ্বে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদির খান, ব্যাংকের পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
