২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশের প্রস্তাব নির্ধারণে আলোচনার তাগিদ

আর্জেন্টিনায় অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার একাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কী প্রস্তাব করা হবে তা নিয়ে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে একটি আলোচনা সভা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 01:48 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত ওই সভায় আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের পরামর্শক ভিনয় আচার্য বলেন, “উন্নয়নশীল দেশগুলোকে পৃথক এবং বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এবং তা কার্যকর করার ক্ষেত্রে এখন সমস্যা তৈরি হচ্ছে। আসন্ন সম্মেলনে এ নিয়ে আলোচনা করা যেতে পারে।”

তিনি বলেন, “বাণিজ্য আলোচনায় যেসব উন্নয়নশীল দেশ এগিয়ে যাচ্ছে, সেসব দেশকে কীভাবে সুবিধা দেওয়া হবে-সেটিও আলোচনার অন্তর্ভুক্ত হতে পারে।”

আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার চার দিনব্যাপী মিনিস্টিরিয়াল কনফারেন্স। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কোন বিষয়গুলো উপস্থাপন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করতেই সিপিডি, দ্য কমনওয়েলথ, ফ্রেডরিক ইবার্ট স্টিফটাং (এফইএস) ও ‘থিংক ট্যাংক ইনিশিয়েটিভ’ এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশ্ব বাণিজ্য সংস্থার উন্নয়ন বিভাগের এলডিসি ইউনিটের প্রধান তৌফিকুর রহমান বলেন, “বর্তমানে বাজার সুবিধা ভিত্তিক কোনো আলোচনা নেই। কোনো পণ্য বা সেবা রপ্তানির ক্ষেত্রে বাজার সুবিধা পাওয়ার জায়গাটা এখনও ঘাটতির মধ্যে রয়েছে। উন্নয়নশীল দেশগুলোকে পৃথক করে দেখে তাদের বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আলোচনার অগ্রগতি নেই। তাই এ বিষয়েও আলোচনা হতে পারে।”

সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, “বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে একটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরও দৃঢ করতে হবে।

“বিশ্ব বাণিজ্য সংস্থা বৈষম্যহীন যে বাণিজ্য নীতির ভিত্তিতে তৈরি হয়েছে, তা নিয়ে এখন অভিযোগ রয়েছে। তা সমাধানের যে ব্যবস্থা, সেই বিচারিক ব্যবস্থাটাও এখন হুমকির সম্মুখীন। সে কারণে বিশ্ব বাণিজ্য সংস্থাকে শক্তিশালী করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।”

গত ১৭ বছরে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনা খুব বেশি না এগোলেও বাণিজ্য আলোচনার প্রতিশ্রুতি অব্যাহত রাখতে এবং শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেতে বাংলাদেশেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ওই সুপারিশ ছাড়াও আরও বেশ কয়েকটি সুপারিশ করেন সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান।

সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমা‍ন সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য সচিব শুভাষীশ বসু, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ ধর।