বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিওসাইকেল’
বর্জ্য ব্যবস্থাপনা সেবা ‘জিওসাইকেল’ বাংলাদেশে চালুর ঘোষণা দিয়েছে লার্ফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
বুধবার ঢাকার লো মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন কোম্পানির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান ও হেড অব জিওসাইকেল চি ইন লিউ।
তিনি জানান, উচ্চ তাপসম্পন্ন চুল্লীতে (দেড় হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাসম্পন্ন) কোন ধরনের অবশিষ্ট ছাড়াই ময়লা-আবর্জনাকে পুড়িয়ে ফেলার বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা সেবা জিওসাইকেল পৃথিবীর ৫০ দেশে নিয়ে গেছে লার্ফাজ হোলসিম।
বাংলাদেশে জিওসাইকেল কার্যক্রমের পরিচালক নায়মুল বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সেবাটি আমরা স্বল্প পরিসরে ২০১২ সালে দেশে শুরু করি। আমরা মূলত কারখানার বর্জ্য ব্যবস্থাপনা করছি এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলো আমাদের থেকে সেবা নিয়ে থাকে।”
চি ইন লিউ বলেন, “জিওসাইকেল সম্পূর্ণভাবে নিরাপদ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া।এই উপায়ে ১০০ শতাংশ পুড়ে যায়, বিক্রিয়া করে এমন কোন অবশিষ্ট উৎপন্ন হয় না ও জীবাশ্ম জ্বালানির স্থলে আবর্জনা ব্যবহার করা হয় বলে এই প্রক্রিয়া গ্রিন হাউজ গ্যাস উৎপাদন করে না।”
বর্জ্য ব্যবস্থাপনায় ৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে জিওসাইকেল কাজ শুরু করেছে বলে জানান লার্ফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ কে সুরানা।
তিনি বলেন, “আমরা বাংলাদেশে আমাদের স্বল্প পরিসরের কাজেই প্রতি বছর ৯০০ টন বর্জ্য ব্যবস্থাপনা করি। আমরা চাই ২০২০ নাগাদ এই সংখ্যা পাঁচ হাজার টনে উন্নীত করতে।”
অনুষ্ঠানে জিওসাইকেলের প্রশংসা করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
