২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট অফ থিংস: ২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

যোগাযোগ ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ‘ইন্টারনেট অফ থিংস’ কে আরো একধাপ এগিয়ে নিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 07:19 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সমঝোতা অনুসারে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং শিক্ষার্থীরা গ্রামীণফোনের বিশ্বমানের আইওটি উদ্যোগগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন এবং তাদের নিজস্ব গবেষণায় কাজে লাগাতে পারবেন।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সাইন্সের ডিন আরশাদ এম চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য আনসার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নোভা আহমেদ ও মাহদী রহমান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. আবদুল মোত্তালিব ও হোসাইন আরিফ, গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং চিফ টেকনোলজি অফিসার রাদে কোভাসেভিক এ সময় উপস্থিত ছিলেন।

ইন্টারনেট অফ থিংস হচ্ছে ইলেকট্রনিকস, সফটওয়্যার, সেনসর, অ্যাকচুয়েটরস ও নেটওয়ার্ক সংযোগ সম্বলিত ডিভাইস, যানবহন, গৃহস্থালী সামগ্রী এবং অন্যান্য বস্তুর নেটওয়ার্ক, যা এসব বস্তুকে সংযুক্ত হওয়া এবং ডেটা আদান প্রদানের মাধ্যমে গ্রাহকের জীবনমান উন্নয়ন করে।