২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ওয়ালটনের সপ্তম প্রজন্মের ল্যাপটপ

সপ্তম প্রজন্মের প্রসেসরযুক্ত নতুন ল্যাপটপ এনেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 07:14 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচারসমৃদ্ধ এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে কোর আই ফাইভ প্রসেসর, যা দেবে উচ্চগতি এবং মাল্টিটাক্সিং সুবিধা। ল্যাপটপে কাজ কিংবা গেম খেলা হবে আরও সহজ ও আনন্দময়।

প্যাশন সিরিজের WP157U5G মডেলের ল্যাপটপ দেশের সব ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্টে পাওয়া যাচ্ছে। ধূসর রঙের ল্যাপটপটির দাম ৪৩ হাজার ৯৫০ টাকা।

ওয়ালটনের নতুন এই ল্যাপটপের অন্যতম উল্লেখযোগ্য ফিচার এর মাল্টি-ল্যাংগুয়েজ এ ফোর সাইজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট।

নতুন এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮। যা দেবে নিখুঁত ও জীবন্ত ছবি। বিভিন্ন কোণ থেকে ডিসপ্লে দেখা যাবে স্পষ্টভাবে।

এতে আছে ২ দশমিক ৫ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই ফাইভ ৭২০০ইউ প্রসেসর। সঙ্গে রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০। ফলে গেম খেলার সময় উচ্চ গ্র্যাফিক্যাল ইন্টারফেস পাওয়া যাবে।

ভিডিও এডিটিং কাজে গ্রাফিক্যাল কালার ও মানও হবে উন্নত। এতে ব্যবহৃত হয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম।

প্রয়োজনীয় ফাইল, সফটওয়ার, গেম, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য এই ল্যাপটপে এক টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি সাটা ইন্টারফেস।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় নতুন এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

এতে রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা। ফলে ভিডিও কল হবে প্রাণবন্ত। ধারণ করা যাবে এইচডি মানের ভিডিও। আকর্ষণীয় গেমিং আবহ তৈরি, গান শোনা ও মুভি দেখায় বাড়তি মাত্রা যোগ করবে এর হাই ডেফিনেশন অডিও। দুইটি বিল্ট ইন স্পিকার দেবে স্পষ্ট ও জোড়ালো শব্দ। 

কানেকটিভিটির জন্য রয়েছে ৪টি ইউএসবি পোর্ট, নাইন-ইন-ওয়ান কার্ড রিডার, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি। ব্যাটারিসহ এর ওজন মাত্র ২ দশমিক ২ কেজি।

ওয়ালটনের পণ্য ব্যবস্থাপক (ল্যাপটপ) মোহাম্মদ আবুল হাসনাত জানান,  নতুন এই ল্যাপটপ নিয়ে ওয়ালটনের ল্যাপটপ প্রোডাক্ট লাইনে যুক্ত হলো ২৭টি ভিন্ন ভিন্ন মডেল। ভিন্ন ভিন্ন ফিচার ও কনফিগারেশন এসব ল্যাপটপের দাম ২২ হাজার ৪৯০ টাকা থেকে ৮৩ হাজার ৫৫০ টাকার মধ্যে। সব মডেলের ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।