২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ করদাতা গ্রামীণফোন

টানা দ্বিতীয় বছরের মতো টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা হিসেবে কর কার্ড পেয়েছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 06:41 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি ও সিএফও কার্ল এরিখ ব্রোতেনের নামে কর কার্ড ইস‌্যু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শনিবার মোবাইল অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-২০১৭ অর্থবছরে টেলিকম খাতের সর্বোচ্চ কর দাতা হিসেবে প্রতিষ্ঠানটি একটি ক্রেস্ট পেয়েছে। গ্রামীণফোনের সিইও এর পক্ষে হেড অফ কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্ট মো. মোহসিন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মুহাম্মদ আবদুল মান্নানের কাছ থেকে এই ক্রেস্ট গ্রহণ করেন।

গ্রামীণফোন দেশের সর্বোচ্চ করদাতা এবং একটি বৃহৎ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ এর তৃতীয় প্রান্তিক পর্যন্ত এই কোম্পানি রাষ্ট্রীয় কোষাগারে মোট ৫৭ হাজার কোটি টাকা দিয়েছে। এর মধ্যে এনবিআরকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে দেওয়া হয়েছে ৩৮ হাজার ৩০০ কোটি টাকা, উইথহোল্ডিং ট্যাক্স হিসেবে দেওয়া হয়েছে ৫ হাজার ৬০০ কোটি টাকা এবং বিটিআরসিকে দেওয়া হয়েছে ১৩ হাজার ১০০ কোটি টাকা।

কর কার্ড পেয়ে সন্তুষ্ট গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, “আমরা সতর্কতার সাথে আমাদের কর পরিশোধ করি এবং আমাদের এই প্রচেষ্টা কর কর্তৃপক্ষের স্বীকৃতি পাওয়াটা আনন্দের বিষয়।”

গত ৮ নভেম্বর এক অনুষ্ঠানে বিভিন্ন খাতের সেরা কর দাতাদের সম্মাননা দেয় এনবিআর।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।