২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের জন্য ‘এখনও নিরাপদ নয়’ পোশাক শিল্প

পোশাকখাতে শ্রমিকদের নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ এখনও প্রশ্নবিদ্ধ বলে মত এসেছে ঢাকায় এক অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 09:20 PM

Updated : 11 Oct 2022, 02:45 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘অ্যাকশনএইড বাংলাদেশ’ আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়া পোশাক শ্রমিক, উন্নয়নকর্মী ও গবেষকরা সবাই এই বিষয়ে একমত হন।

নারী শ্রমিকরা অভিযোগ করেন, তারা মজুরি, নিরাপত্তা, ছুটি, স্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে আচরণ ও ক্ষতিপূরণ বিষয় নিয়ে এখনও সমস্যায় পড়ছেন।

নারীবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

আলোচকরা তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের মতো বড় ঘটনার মধ্য দিয়ে শ্রমিকদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেন। তার পাশাপাশি আসে নারী শ্রমিকদের বঞ্চনার কথা।

তাজরীনের আহত শ্রমিক সবিতা রানী বলেন, “তৃতীয় তলায় কাজ করছিলাম। ফায়ার অ্যালার্ম বাজার পরও কর্তৃপক্ষের নির্দেশে কাজ চলছিল। আগুন লাগার পর নিচে এসে দেখি গেইটে তালা।

“আগুন থেকে বাঁচতে উপরে উঠতে উঠতে অনেকের পায়ের নিচে পড়লাম। মনে হচ্ছিল মারা যাচ্ছি। একটা ছেলের শার্ট ধরে কোনোভাবে প্রাণে বেঁচেছি।”

মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, “দুর্ঘটনা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, দেশে আইন ও নিয়ম থাকলেও মালিকরা মানেন না। আবার যে সমস্ত মালিকরা শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাদের বিচার হচ্ছে না। ফলে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, “তাজরীন বা রানা প্লাজার দুর্ঘটনার পর সরকারসহ বিভিন্ন পক্ষ নানা উদ্যোগ নিয়েছেন। তবে বাস্তবতা হল এখনও শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারেন না, হয়রানির শিকার হন।”

অভিযোগ করে ফল না পাওয়ায় অনেক নারী শ্রমিক এখন কথা বলা বন্ধ করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ তাইয়েবুল ইসলাম কারাখানাগুলোকে নারীবান্ধব করে তুলতে কাজ করার কথা বললেও তা কঠিন বলে মেনে নেন।

“আসলে বিষয়টি অনেক কঠিন। কারণ এর সঙ্গে নানা সামাজিক বিষয় জড়িত। এগুলোর সমাধান একটু কঠিন। তবে সরকার আন্তরিকভাবে কাজ করছে শ্রমিকদের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে।”

অনুষ্ঠানে আলোচকরা নারী শ্রমিকের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে আইনগুলো প্রণীত হয়েছে, সেগুলো কার্যকরের দাবি জানান।

সেইসঙ্গে বর্তমান সময়ের আলোকে নারী শ্রমিকের স্বার্থ সংরক্ষণের জন্য যুগোপযোগী ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেন।